‘পড়ার সময় পড়া, আর খেলার সময় খেলা’—এই নীতিবাক্যটি আজ ভুলতে বসেছে নগরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। আর শিক্ষার্থীরা সকাল থেকেই স্কুল, কোচিং, প্রাইভেট টিউশনির ব্যস্ততায় খেলার সময়টা পাচ্ছে কই। পড়ালেখার চাপের মধ্যেও নগরের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলার কথা ভোলেনি। তাই তো ফি-বছর এসএসসি আর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই ভিকারুননিসার মেয়েরা উল্লাসে মাতে না, যেকোনো ক্রীড়া প্রতিযোগিতা আর সাংস্কৃতিক উৎসবের দিনও তারা উল্লাসে মাতে। দিন দশেক আগে যেমনটি তারা মেতেছিল ডেল্টা লাইফ আন্তকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে।টিফিনের সময় চলাকালে স্কুল প্রাঙ্গণে পা দিতেই বাচ্চাদের চিৎকারে কানের পর্দাটা নড়েচড়ে ওঠে। সবুজ ঘাসে ঘেরা বড় খেলার মাঠটিতে যেন স্কুলের পোশাক পরা মেয়েদের ঢল নেমেছে। ছোট ছোট দলে ভাগ হয়ে চলছে রকমারি খেলা। কোনো রকম কোর্ট কিংবা নিয়মের বালাই নেই, হাতে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে চলছে ধুন্ধুমার খেলা। মাঠের একপাশে আবার ফুটবল নিয়ে মেতেছে আরেকটা দল। মাঠের যে পাশটায় ক্রিকেট পিচ রয়েছে, সেখানেও ব্যাট-বল নিয়ে ঠোকাঠুকি করতে দেখা গেল কয়েকজনকে।এ তো গেল নিজেদের মতো করে ক্রীড়াচর্চা। তবে জাতীয় কোনো প্রতিযোগিতায়ও তারা কম যায় না। সেটা জানার জন্য তাদের প্রিন্সিপালের কক্ষে, আর দিবা শাখার প্রধান শিক্ষকের কক্ষে ঢুঁ মারলেই চলে। দুটি কক্ষেই থরে থরে সাজানো ট্রফি আর বিভিন্ন আকারের কাপ ও ক্রেস্ট। হ্যান্ডবলে ভিকারুননিসার মেয়েরা বোধহয় অপ্রতিদ্বন্দ্বী। নইলে কি আর আন্তস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় ১৮টির মধ্যে ১৪টিতেই জেতে তারা। এর মধ্যে ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ১২ বছর জেতার রেকর্ড রয়েছে তাদের। শুধু কি হ্যান্ডবলেই, ভলিবলেও কম যায় না এখানকার মেয়েরা। ২০০৯ সালে ঢাকা মহানগরে আন্তস্কুল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। স্কুলপর্যায়ে হালে যোগ হওয়া মেয়েদের ফুটবল ও ক্রিকেটেও চ্যাম্পিয়ন ভিএনসি। নিয়মিত অনুশীলন আর মেয়েদের দক্ষতাই তাদের সাফল্যের মূল চাবি জানিয়ে ভিকারুননিসার ক্রীড়া শিক্ষক তাসনীম আকবরী বলেন, ‘২০০৮-এর আন্তস্কুল ফুটবলে আমরা সেমিফাইনালে যাই, ২০০৯-এ হই রানার্সআপ এবং এবার ২০১০ সালে আমরা শিরোপা জিতেছি।’১৯৮৮ থেকে ১৯৯৬ সাল ভিএনসির খেলাধুলার স্বর্ণযুগ ছিল জানিয়ে তাসনীম আকবরী বলেন, ‘সেই সময় আমরা যেটাতেই অংশ নিয়েছি, সেটাতেই ভালো ফল পেয়েছি। আর এখনকার মেয়েরা পড়ালেখা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে তাদের মধ্য থেকে ভালো খেলোয়াড় বাছাই করাই কষ্টকর হয়ে পড়ে। তার পরও আমাদের মেয়েদের পারদর্শিতাই আমাদের সাফল্যের মূলমন্ত্র।’ গুরুর সঙ্গে তাল মিলিয়ে ফুটবল দলের খেলোয়াড় নবম শ্রেণী পড়ুয়া রশনি বলে, ‘পড়ালেখার পাশাপাশি আমাদের খেলাধুলার জন্যও উৎসাহ দেন শিক্ষকেরা। তাঁদের কল্যাণেই আমাদের এই অর্জন।’ তবে ক্লাস, কোচিং ও পড়ালেখার ফাঁকে খেলাধুলায় সময় দেওয়াটাও নিয়মের মধ্যে রাখলে কোনো কিছুরই ক্ষতি হয় না, বলে সায় দিল ভিএনসির আরেক ফুটবল খেলোয়াড় রিমি। তবে মেয়েদের খেলার আগ্রহ থাকলেও অনেক সময় অভিভাবকদের সহযোগিতা না পেলে তারা বেশি দূর এগোতে পারে না বলে জানালেন ভিএনসির এই অভিজ্ঞ ক্রীড়া শিক্ষক। আসমা আক্তার নামের এক অভিভাবক অবশ্য আরও প্রশিক্ষণের দাবি তুললেন। তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অবশ্যই খেলাধুলার দরকার। তবে এখন ভিএনসিতে শুধু কোনো ক্রীড়া প্রতিযোগিতার আগেই প্র্যাকটিস করানো হয়, অন্য সময় খেলা নিয়ে তেমন একটা ব্যস্ত থাকেন না শিক্ষকেরা।