খেলাধুলা কমে গেছে ঝালকাঠিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির চারটি উপজেলায় দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থার কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ উঠেছে। ক্রীড়ামোদীরা এ জন্য ক্রীড়া সংস্থার নেতাদের দায়ী করেছেন। সরেজমিনে জানা গেছে, ১৯৮৪ সালে নলছিটি উপজেলার ক্রীড়া সংস্থার ভবনটি উদ্বোধন করা হয়। দুই কক্ষবিশিষ্ট ভবনে বর্তমানে নেই কোনো ক্রীড়াসামগ্রী। রক্ষণাবেক্ষণের অভাবে একটি কক্ষ পরিত্যক্ত প্রায়। অন্য কক্ষে ময়লার স্তূপ জমে আছে। নলছিটি ক্রীড়া সংস্থা ভবনের পাশেই রয়েছে চায়না মাঠ। কয়েকজন খুদে খেলোয়াড় আয়োজন করেছে একটি ক্রিকেট টুর্নামেন্টের। এ জন্য তাঁরা মাঠ পরিচর্যা করছে। এ সময় কথা হয় আরিফুর রহমান, মিল্লাত হোসেন, মো. মুরাদ, মো. হিরণ ও সোহেলের সঙ্গে। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থা কোনো প্রতিযোগিতার আয়োজন করছে না। তাঁরা নিজেদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। এ টুর্নামেন্টে সহায়তা দেন স্থানীয় ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মাহফুজ খান ও সেলিম খান। ক্রীড়া সংগঠক মো. সবুর খান বলেন, ‘আগে ক্রীড়া সংস্থার জন্য উপজেলা পরিষদ থেকে বরাদ্দ থাকত। এ বরাদ্দের টাকা দিয়ে ক্রীড়াসামগ্রী ক্রয়, মাঠ ও ভবন সংস্কার করা হতো। বর্তমানে এ ধরনের বরাদ্দ নেই।’ক্রীড়া সংস্থার নেতারা জানান, আগে উপজেলা পরিষদে এডিবির বরাদ্দের সঙ্গে ক্রীড়া খাতে ব্যয়ের জন্য প্রতিবছর বরাদ্দ থাকত। এ বরাদ্দের টাকা দিয়ে ক্রীড়া সংস্থা পরিচালনা ও মাঠ সংস্কার করা হতো। রাজাপুরের ক্রীড়ামোদী মনিরুজ্জামান খান বলেন, ‘উপজেলা ক্রীড়া সংস্থার কোনো ভবন নেই। নামে মাত্র কমিটি আছে। তাদের নেই কার্যক্রম।’ নলছিটির ক্রীড়ামোদী মো. রিপন বলেন, ‘যাঁরা ক্রীড়া সংস্থার পদ আঁকড়ে বসে আছেন, তাঁরাই ঝিমিয়ে পড়েছেন। তাই এ সংস্থার মাধ্যমে কোনো খেলাধুলার আয়োজন নেই।’কাঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সিকদার বলেন, ‘ক্রীড়া সংস্থার একটি ঘর আছে, তবে কার্যক্রম নেই বললেই চলে। এখানে নতুন কমিটি হয়েছে। দায়িত্ব পেয়ে ক্রীড়ামোদীদের উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করছি।’সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসেন মল্লিক বলেন, ‘অনেক দিন ধরে এ সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। ক্রীড়া খাতে যে বরাদ্দ আসে, সেই টাকা ঠিকমতো উপজেলা পরিষদ থেকে পাওয়া যায় না। ফলে ক্রীড়াসামগ্রী ক্রয় করা সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম ও খেলাধুলা ঝিমিয়ে পড়েছে। জেলার প্রতিটি উপজেলার ক্রীড়া সংস্থায় একই অবস্থা।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মনোয়ার হোসেন বলেন, ‘ক্রীড়া খাতে মাত্র ১০ হাজার টাকা বরাদ্দ এসেছে। এ টাকা পুরোটাই খরচ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি।’