খেলাধুলার উন্নয়নে সরকার সবকিছু করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার উন্নয়নে যা যা করা দরকার তাঁর সরকার সবকিছুই করবে। তিনি ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলা অনুশীলনেরও আহ্বান জানান। আজ সোমবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ সমাপ্তির পর তা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের ফলক উন্মোচন করেন।প্রধানমন্ত্রী বলেন, ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটি বড় গর্বের বিষয়। তিনি বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যাতে দেশের সব মানুষ দেখতে পারে, সে জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা ইতিমধ্যে সবগুলো টেস্ট খেলুড়ে দেশকে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে একদিন আমরাও বিশ্বকাপ জয় করতে পারব ইনশাল্লাহ।’প্রধানমন্ত্রী খেলাধুলার জন্য মাঠ সংকটের কথা উল্লেখ করে বলেন, একশ্রেণীর মানুষ কোনো খোলা জায়গা দেখলেই নির্মাণকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনি বলেন, খেলাধুলার জন্য যেসব মাঠ ও জায়গা রয়েছে, সেগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে আমাদের দেশকে ব্র্যান্ডিং করার এক বিরাট সুযোগ এসেছে। সুযোগ এসেছে বহির্বিশ্বের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার। বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশকে বিশ্বের সামনে পরিচিত করার এই সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল প্রমুখ। বাসস।