খেলাধুলার উন্নয়নে সরকার সবকিছু করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার উন্নয়নে যা যা করা দরকার, সরকার তার সবকিছুই করবে। তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেট দেশকে তুলে ধরার সুযোগ নিয়ে এসেছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষে গতকাল সোমবার এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৭ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, আইসিসি বিশ্বকাপের উদ্বোধন বাংলাদেশের জন্য একটি বড় গর্বের বিষয়। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান যাতে দেশের সব মানুষ দেখতে পারে, সে জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি এসএ কাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের প্রশংসা অর্জনের কথা তুলে ধরেন।ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রধানমন্ত্রী খেলাধুলার প্রসারে তাঁর সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে বলেন, ‘আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে ১৯৯৭ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করি। এরই ধারাবাহিকতায় ২০০০ সালে আমাদের সময়ই ক্রিকেটের মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা ইতিমধ্যে সবগুলো টেস্ট খেলুড়ে দেশকে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে একদিন আমরাও বিশ্বকাপ জয় করতে পারব, ইনশাআল্লাহ। বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামগুলোর দ্রুত উন্নয়নসাধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপ উপলক্ষে যেসব ক্রীড়াসংগঠক বাংলাদেশের ভেন্যুগুলো দেখতে এসেছেন, তাঁরাই এসবের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বকাপের পর স্টেডিয়ামগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, এই বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে আমাদের দেশকে তুলে ধরার এক বিরাট সুযোগ এসেছে। সুযোগ এসেছে বহির্বিশ্বের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার। আমাদের অবশ্যই এই সুযোগ কাজে লাগাতে হবে। শেখ হাসিনা খেলাধুলার মানোন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, দেশের যুবসমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চায় উৎসাহিত করতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী খেলাধুলার জন্য মাঠ-সংকটের কথা উল্লেখ করে বলেন, একশ্রেণীর মানুষ কোনো খোলা জায়গা দেখলেই নির্মাণকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। খেলাধুলার জন্য যেসব মাঠ ও জায়গা রয়েছে সেগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে খেলার মাঠ থাকে, সেদিকে সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন।