খেলাধুলায় হাসির হল্লা
মাঠের ঘটনা কখনো কখনো মাঠের বাইরেও হয়ে ওঠে বিনোদনের খোরাক। তেমনই কিছু ‘ঘটনা’র কথা জানিয়েছেন মোহীত উল আলমকৌতুকের মহা অসুবিধা হলো ঠিক সময়ে কৌতুক মনে পড়ে না। এমনিতে হয়তো বাসে একলা যাচ্ছেন, কৌতুক মাথায় গিজগিজ করবে, কিন্তু যখন কোনো আসরে বলার চেষ্টা করবেন দেখবেন মাথা ফাঁকা, কিচ্ছুই মনে আসছে না। তার পরও আজকে কয়েকটা কৌতুক বলে পাঠকের সঙ্গে সময় কাটাব। সবই খেলার জগত্ থেকে।ফ্রেডি ট্রুম্যান প্রথম ৩০০ টেস্ট উইকেট নেওয়া ইংলিশ ফাস্ট বোলার। ইয়র্কশায়ারের লোক। একসময়কার ইংল্যান্ড ওপেনার এবং এখনকার মজাদার ধারাভাষ্যকার জিওফ বয়কটও ইয়র্কশায়ারের লোক। ইয়র্কশায়ারের লোকেরা গোঁয়াড় হলেও তাঁদের রসবোধ নাকি তীব্র। সোজাসাপ্টা কথা নির্দ্বিধায় অকপটে বলে যান। তো ট্রুম্যানের ওপর একটা জীবনী পড়েছিলাম বহু বছর আগে। সেখান থেকে তিনটি কৌতুক মনে পড়ছে।পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড এসেছে ভারতে। লম্বা সিরিজ। এই প্রথম ট্রুম্যানের ভারত আসা। ভারতীয় কালচার সম্পর্কে কিছুই জানেন না। সহখেলোয়াড়দের বারণ সত্ত্বেও তিনি বোম্বাইয়ের (এখন মুম্বাই) রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে বিক্রি হওয়া খাবার পরখ করে দেখেন। তখনকার দিনে নিরাপত্তার কোনো ঝুঁকি ছিল না বলে খেলোয়াড়েরা নিশ্চিন্তে পর্যটকের মতো ঘুরতে পারতেন। তো বোম্বাই টেস্টের আগের দিন সন্ধ্যায় হোটেলের সামনে ফুটপাতের দোকান থেকে ট্রুম্যান গরম গরম ভেলপুরি খেলেন। পরদিন খেলা শুরু হলে ইংল্যান্ড পেল ফিল্ডিং। ট্রুম্যান ওপেনিং বোলার। তখন বোম্বাইয়ে খেলা হতো ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, টেন্ডুলকারের বাড়ির পাশে। মাঝখানে ত্রিশ বছর বন্ধ থাকার পর আবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে। সে যাই হোক, বোলিং করার জন্য ট্রুম্যান উইকেটের দিকে দৌড় শুরু করলেন, আম্পায়ারকে পার হলেন, পপিং ক্রিজও। এরপর নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকেও ছাড়িয়ে গেলেন। বল কিন্তু থ্রো করলেন না। দৌড়াতে দৌড়াতে ব্যাটসম্যান, উইকেটকিপার পার হয়ে থার্ড ম্যান দিয়ে বেরিয়ে সোজা ড্রেসিংরুমে ঢুকে টয়লেটে সেঁধিয়ে গেলেন। মিনিটখানেক পরে দৌড়াতে দৌড়াতে আম্পায়ার স্বয়ং হাজির। ট্রুম্যান যে টয়লেটে ঢুকেছেন সে টয়লেটের দরজায় টোকা দিয়ে বললেন, ফ্রেডি, উই নিড দ্য বল।আরেকবার ইংল্যান্ডের লর্ডসে খেলা হচ্ছে। তখন ইংল্যান্ডের এক খেলোয়াড় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত—রমা সুব্বা রাও। ট্রুম্যান বল করছিলেন, আর স্লিপে ফিল্ডিং দিচ্ছিলেন রমা সুব্বা রাও। ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে একটা বল গড়িয়ে স্লিপের দিকে গেল। দ্রুতগতির হওয়ায় রাও বলটা ধরতে গিয়েও ব্যর্থ হলেন। তাঁর হাত গলে পায়ের ফাঁক দিয়ে সীমানা ছাড়িয়ে গেল বল। লাঞ্চের সময় যখন রাও ট্রুম্যানকে বললেন, সরি ফ্রেডি আই শুডন্ট হ্যাভ স্প্রেড মাই লেগস (আমার পা ফাঁক করা উচিত হয়নি), তখন ঠাস করে ট্রুম্যান জবাব দিলেন, ব্রাদার, ইয়োর মাদার শুডন্ট হ্যাভ স্প্রেড হার লেগস (এ বাক্যের অনুবাদ আর দিলাম না)।ট্রুম্যানকে নিয়ে তৃতীয় যে কৌতুকটা মনে পড়ছে সেটা এ রকম। ইংল্যান্ড ক্রিকেট দল খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজে। কোনো একটা দ্বীপে খেলা চলছে। মাঠের চারপাশে গ্যালারির বাইরে প্রচুর নারকেলগাছ। বেশির ভাগ লোক টিকিট না কেটে ওই গাছগুলোতে উঠে খেলা দেখছিল। লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে ট্রুম্যান এক বিশাল ছক্কা হাঁকালেন। বলটা গিয়ে একটা নারকেলগাছের ডগায় লাগল। সঙ্গে সঙ্গে ট্রুম্যান যে জিনিসটা দেখলেন তাতে তাঁর চক্ষু চড়কগাছ। ঝুপ ঝুপ করে ওই নারকেলগাছ থেকে ডাব না পড়ে পড়তে লাগল মানুষ।ট্রুম্যানকে রেখে এবার আসি চট্টগ্রামে। চট্টগ্রাম ক্লাবের সুইমিংপুলে সফররত ইংল্যান্ড দল আর বাংলাদেশ দলের সম্মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেওয়া নৈশভোজে দাওয়াত পেয়ে গেলাম। পুলের একপাশে বসা দেখলাম আম্পায়ার হিসেবে আসা স্টিভ বাকনার, আর ম্যাচ রেফারি হিসেবে আসা ক্রিকেট গ্রেট ক্লাইভ লয়েডকে।দুজনের পাশে বসে আস্তে আস্তে আলাপ শুরু করলাম। বাকনার দেখলাম বেশ আলাপি আর রসিক। কিন্তু লয়েড চুপচাপ ধরনের। বাকনার আমাকে জানালেন যে তিনি হচ্ছেন আইল্যান্ডার (দ্বীপবাসী), আর লয়েড হচ্ছেন মেইনল্যান্ডার (গায়ানার)। এর মধ্যে আলাপে আলাপে আমি বললাম যে সোবার্সের আত্মজীবনীতে পড়েছি তাঁর রাতের ঘুম খুব কম হতো। আর ঘুম না এলে তিনি বিছানায় যেতেন না। এমনও হয়েছে যে সারা রাত নির্ঘুম কাটিয়ে তিনি তার পরদিন মাঠে গিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে এসেছেন। গল্পটা শুনে এতক্ষণ চুপচাপ থাকা ক্লাইভ লয়েড মুখ খুললেন, ‘গ্যারি মিথ্যে বলেছে। সে রাতে না ঘুমিয়ে কী করত সেটা বলেনি।’ এবার ফুটবলে আসি। স্যার আলফ রামজে ইংল্যান্ডের নামকরা ফুটবলার ছিলেন। পরে কোচও হয়েছিলেন। তো ফরোয়ার্ড হিসেবে রামজের তখন খুব নামডাক। লিগের খেলা চলছে। তিনি বল সামনে নিয়েই যেতে পারেন না, প্রতিপক্ষ দলের এক আনকোরা খেলোয়াড় বারবার তাঁর পা থেকে বল কেড়ে নিতে থাকে। যতবারই তাঁর সঙ্গে এ রকম এনকাউন্টার হচ্ছিল ততবারই ছেলেটিকে তিনি শাসিয়ে যাচ্ছিলেন, খবরদার সামনে আর বল নিতে আসবি না, এমন খেলা শিখিয়ে দেব যে জীবনের জন্য আর ফুটবল খেলবি না। কিন্তু ছেলেটি দৃকপাতহীন, একইভাবে রামজের পা থেকে বল কেড়ে নিতে লাগল। বিরতির সময় রামজে প্রতিপক্ষ দলের পরিচিত এক খেলোয়াড়কে নতুন ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলেন, বললেন তাঁর স্পর্ধার কথা। তখন ওই খেলোয়াড় বলল, ‘ও পলের কথা বলছ, ও তো কানে শোনে না, জন্মবধির এবং বোবা।’এবার দাবায় আসি। চট্টগ্রামে নব্বই দশকের শুরুর দিকে এক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা হয়েছিল। আগ্রাবাদের বিশিষ্ট দাবা সংগঠক আমিনুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ‘বেগম আমেনা স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা’। বেশ জমেছিল টুর্নামেন্টটা। সমাপনী শেষে স্থানীয় এক চায়নিজ রেস্তোরাঁয় নৈশভোজে টুর্নামেন্টের প্রতিযোগী, আয়োজক, কর্মকর্তা আর আমন্ত্রিত অভ্যাগতরা উপস্থিত ছিলেন। রানী হামিদও এসেছিলেন। কিন্তু তিনি একটা সুবিধামতো জায়গা পাচ্ছিলেন না। তার পরও একটা চেয়ার খালি পেয়ে যখন তিনি বসতে যাচ্ছিলেন, সে সময়ের জাতীয় চ্যাম্পিয়ন রেজাউল হক এক দিক থেকে ডেকে বললেন, রানী আপা এদিকে আসেন, ওখানে বসলে আপনি ‘ব্যাড বিশপ’ হয়ে যাবেন (ব্যাড বিশপ হলো দাবায় হাতি যখন বেকায়দায় অবস্থায় থাকে। যেমন বড়ের পেছনে হাতি পড়ে যাওয়া মানে সেটা ব্যাড বিশপ )।ক্রিকেট দিয়েই শেষ করব লেখাটা। পাকিস্তানের অধিনায়ক তখন ইনজামাম-উল হক। একটা ওয়ানডেতে পাকিস্তান জিতল। রবি শাস্ত্রী টিভি চ্যানেলের পক্ষে সাক্ষাত্কার নিচ্ছিলেন। অন্যদিকে সে সময় ইনজামাম-উল-হকের প্রথম পুত্রসন্তান লাভ হয়। তো রবি শাস্ত্রী ইনজামাম-উল হককে জিজ্ঞেস করলেন ইংরেজিতে, হাউ ডু ইউ ফিল আফটার বিকামিং আ ফাদার। ইনজামাম তো ইংরেজি প্রশ্নটা বুঝলেন না। তিনি চোস্ত পাঞ্জাবিতে বললেন, ‘বিসমিল্লাহির... রাহিম। বহুত্ শুকরিয়া। জাদা রেজাল্ট মিল গিয়ে হ্যায়। হামারা খিলারিলোক বহুত্ আচ্ছা খেল দিয়ে হ্যায়। উনলোক বহুত তকলিফ কিয়া হ্যায়। মগর সবছে জাদা তকলিফ কিয়া শহীদ আফ্রিদি মে। উয়ো এতনা খেল দেনেকা বাদ এইসি জাদা রেজাল্ট মিল গিয়া। বহুত শুকরিয়া।’