খেলাপি ঋণ বেড়েছে সাত হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে সোয়া সাত হাজার কোটি টাকার ঋণ নতুনভাবে খেলাপি হয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। খেলাপি ঋণের এ বিপুল বৃদ্ধির কারণে এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে গিয়ে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের ব্যাংক খাতের নিট মুনাফা কমে গেছে। ব্যাংকাররা বলছেন, শিল্প-বাণিজ্যের কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যেমন: রিয়েল এস্টেট খাত, জাহাজভাঙা শিল্প, আমদানি অর্থায়ন ইত্যাদি ক্ষেত্রে ঋণ আদায় হচ্ছে না। রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার ৭৪৫ কোটি টাকা। আর বেসরকারি ২৯ ব্যাংকে বৃদ্ধি পেয়েছে তিন হাজার ২৮০ কোটি টাকা।এর মধ্যে একমাত্র হল-মার্ক কেলেঙ্কারিতেই এ প্রান্তিকে সোনালী ব্যাংকে ৪০০ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। একই কারণে ব্যাংকটির আরও বিপুল পরিমাণ অর্থ আগামী প্রান্তিকেও খেলাপি হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (সেপ্টেম্বরভিত্তিক) এক প্রতিবেদনে দেওয়া তথ্যে দেখা যায়, দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৮২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৭৫ শতাংশ।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, কতগুলো ব্যাংক অনেক ক্ষেত্রেই ঋণঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ না করে ঋণ দিয়েছে। ফলে এখন তা খেলাপিতে পরিণত হয়েছে। আবার তাদের আদায় তৎপরতাও তেমন জোরদার নয়, নগদ আদায় অনেক কম। তিনি বলেন, ‘আমরা যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি বেড়েছে তাদের চিঠি দেব। কোথায়, কীভাবে আদায় তৎপরতা বৃদ্ধি করা যায়, তার উদ্যোগ নিতে বলব।’ নব্বইয়ের দশক ধরে ব্যাংক খাতে খেলাপি ঋণের বড় সংকট তৈরি হয়। ২০০৩ সালে পুরোনো খেলাপি ঋণ কিছু নিয়মকানুন অনুসরণ করে অবলোপন বা রাইট অফ করার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণ অনেক কমে আসছিল কয়েক বছর ধরে। কিন্তু ২০১২ সালের শুরু থেকেই খেলাপি ঋণ আবার আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। ২০১১ সালের শেষে দেশে খেলাপি ঋণ হয়েছিল ২২ হাজার ৭০৯ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ৭ দশমিক ২৭ শতাংশ। ২০১২ সালের মার্চ মাসে হয় ২৫ হাজার ২৮৯ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ৬ দশমিক ৫৭ শতাংশ। জুন মাসে এসে হয় ২৯ হাজার কোটি টাকা বা ৭ দশমিক ১৭ শতাংশ। জানা যায়, সোনালী ও অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি। তিন মাসে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ এক হাজার ৭৩৩ কোটি টাকা বেড়ে হয়েছে আট হাজার ৭৪৯ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২৬ দশমিক ৫৫ শতাংশ। অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ প্রায় এক হাজার ১০০ কোটি টাকা বেড়ে হয়েছে তিন হাজার ৬১৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৮ দশমিক ৬০ শতাংশ। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, হল-মার্ক কেলেঙ্কারির ৪০০ কোটি টাকা এ দফায় খেলাপি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সুগার করপোরেশনের ৩৬৮ কোটি টাকাও এ দফায় খেলাপি হয়েছে। তিনি বলেন, ‘আমরা শাখা ব্যবস্থাপকদের নিয়ে এ বিষয়ে করণীয় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি।’রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মতো বেসরকারি ব্যাংকগুলোতেও খেলাপি ঋণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গত জুন মাস শেষে ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪৯ কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে তা হয়েছে এক হাজার ৪৩২ কোটি টাকা। দি সিটি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৮০৯ কোটি টাকা। জুন মাস শেষে এ ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৫০২ কোটি টাকা। ব্যাংক এশিয়ায় জুন শেষে খেলাপি ঋণ ছিল ৪০৪ কোটি টাকা, সেপ্টেম্বরে হয়েছে ৬৬৮ কোটি টাকা। দি সিটি ব্যাংকের এমডি কে মাহমুদ সাত্তার বলেন, খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়াতেই নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে গিয়ে তাঁদের নিট মুনাফা কমে গেছে। তিনি বলেন, জাহাজভাঙা শিল্পে তাঁদের বড় একটা বিনিয়োগ আটকে পড়েছে। ইস্পাতের মূল্য পতনের কারণে জাহাজভাঙা শিল্পে এখন সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘এর পাশাপাশি আমাদের পুরোনো কিছু ঋণ অনেক দিন ধরে আমরা টেনে যাচ্ছিলাম। একটু একটু পরিশোধ করছিল গ্রাহকেরা। এখন আমরা শক্ত অবস্থান নিয়েছি। এগুলো শ্রেণীকরণ করা হয়েছে।’বিদেশি নয় ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২৪৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২১ দশমিক ০২ শতাংশ। অন্য ব্যাংকগুলোর খেলাপি ঋণে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বিদেশি ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ হয়েছে ৭৫২ কোটি ৭৩ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের মাত্র ৩ দশমিক ২৩ শতাংশ। বিশেষায়িত চার ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ১৮৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে গত তিন মাসে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছে ৬৩৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ১৮ শতাংশ।