মোট বকেয়া ঋণ ৬৩৮ কোটি টাকা, বেসরকারি মিলের জন্যও একই সুপারিশ, তবে সরকারি জামানত নেই
খেলাপি ঋণ স্থগিত, চাইলে ঋণ পাবে পাটকলগুলো
বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীন পাটকলগুলোর ৬৩৮ কোটি টাকা খেলাপি ঋণ আগামী পাঁচ বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।একই সঙ্গে চালু ১৬টি পাটকল যাতে ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পায়, সে জন্য অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সোনালী ব্যাংকের বোর্ড সভায় তা অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার বেসরকারি খাতের পাটকলগুলোর ক্ষেত্রেও শ্রেণীকৃত ঋণগুলোকে একই সময়ের জন্য স্থগিতের সুপারিশ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো জামানত বা গ্যারান্টি দেবে না সরকার।সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফকরুল ইসলাম এ বিষয়ে বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ক্ষেত্রে সরকার গ্যারান্টি দেওয়ায় বোর্ড তা অনুমোদন করেছে। বেসরকারি পাটকলগুলোর ক্ষেত্রে গ্যারান্টি না পেলে কী হবে, তা নিশ্চিত করে বলা যায় না। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসের বখতিয়ারও জানান, পাটকলগুলোর খেলাপি ঋণের পাওনা স্থগিত ও পুনঃ তফসিলের একটি সুপারিশ পাওয়া গেছে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পাটবিষয়ক গবেষক খোন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক। তবে মিলগুলোর অদক্ষতা দূর করতে সরকারকে আরও অনেক পদক্ষেপ নিতে হবে; বিশেষ করে যন্ত্রপাতির নবায়ন এবং বসে থাকা শ্রমিকদের কাজে লাগাতে হবে।জানা গেছে, ৬৩৮ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে বিজেএমসির নামে আছে প্রায় ২৭০ কোটি টাকা। বিজেএমসির ঋণের মধ্যে প্লাটিনাম জুবিলি পাটকলের নামে আছে ১১৩ কোটি টাকা এবং ক্রিসেন্ট জুট মিলের ১০১ কোটি টাকা। এ ছাড়া আদমজী পাটকলের খেলাপি ঋণ ১২৫ কোটি টাকা, কওমী জুট মিলের ৭০ কোটি টাকা, কর্ণফুলী জুট মিলের ৩৬ কোটি টাকা, আলিম জুট মিলের ৩০ কোটি টাকা, পিপলস জুট মিলের ২১ কোটি, দৌলতপুর জুট মিলের ১৩ কোটি টাকা এবং লতিফ বাওয়ানী জুট মিলের খেলাপি ঋণ ১০ কোটি টাকা। বাকি খেলাপি ঋণ অন্যান্য মিলের নামে।পাট ও বস্ত্রসচিব মোহাম্মদ আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, দেশের পাট খাতকে আবারও জাগিয়ে তোলার জন্য বিজেএমসির অধীনে পাটকলগুলোর খেলাপি ঋণ পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সে প্রস্তাবে সম্মতি দিয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে পাটকলগুলো যাতে নতুন করে বাণিজ্যিক ব্যাংক থেকে চলতি ঋণ নিতে পারে, সে জন্যও পদক্ষেপ গ্রহণের সুপারিশ ছিল। অর্থ মন্ত্রণালয় তাতেও সম্মতি দিয়েছে। এতে করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অচিরেই চলতি মুনাফা করবে বলে আশা করা যায়।জানা গেছে, বন্ধ পাটকলগুলোকেও পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। কওমী ও দৌলতপুর মিল দুটো চালু করতে ১৩ কোটি টাকা প্রয়োজন। এই অর্থঋণ চেয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠালেও মন্ত্রণালয় তাতে রাজি হয়নি। তারা বলেছে, প্রয়োজনীয় অর্থ বিজেএমসি নিজ তহবিল থেকে দিয়ে পাটকল দুটি চালু করতে পারে।পাট ও বস্ত্রসচিব জানান, এ মুহূর্তে বিজেএমসির পক্ষে কোনোভাবেই নিজের তহবিল থেকে ১৩ কোটি টাকা বিনিয়োগ করা সম্ভব নয়।বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ হোসেন বলেন, বেসরকারি মিলগুলোর শ্রেণীকৃত ঋণ কিছু সময়ের জন্য স্থগিত করে রাখার সুপারিশ ভালো উদ্যোগ। তবে গ্যারান্টি না পেলে ব্যাংকের কাছে এর কোনো অর্থ নেই।গত অর্থবছরে বিশ্ব-অর্থনীতির মন্দায় পাটের বাজার খারাপ গেলেও চলতি অর্থবছরে হঠাত্ পাটের চাহিদা বেড়ে গেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিগত দুই দশকে অবহেলা ও ভ্রান্ত নীতির কারণে হারিয়ে যাওয়া পাট খাতকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে সরকার। বর্তমানে কাঁচা পাট মণপ্রতি ২২০০ টাকা। অথচ মৌসুমের শুরুতে পাটের দাম ছিল মাত্র ৮০০ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা পর্যন্ত। ডিসেম্বরে দাম ওঠে দেড় হাজার টাকা। এ পরিস্থিতিতে সরকার গত ৭ ডিসেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে অবশ্য রপ্তানিকারকদের চাপে তা প্রত্যাহার করা হয়।সিপিডির খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের মধ্যে পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে। বেসরকারি খাতের জুট স্পিনিং মিলগুলো ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে। তবে খেলাপি ঋণ স্থগিত করে পাটকলগুলোকে এগিয়ে যাওয়ার সুযোগ দিলেও এগুলোর দক্ষতা আরও বাড়ানো দরকার।দেশে বর্তমানে ১৮০টি পাটকল আছে। এর মধ্যে বর্তমানে ১৫১টি কল চালু আছে। চালু থাকা পাটকলগুলোর মাত্র ১৬টি সরকারি মালিকানায়।