খেলাপি ঋণকে ভালো দেখিয়ে মুনাফা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ২২৫ কোটি টাকার খেলাপি ঋণ কাগজে-কলমে ভালো মানের দেখিয়েছে। এতে ব্যাংকটির মুনাফা বেড়েছে এবং সেই মুনাফার ওপর এর শেয়ারধারকেরা ১১ শতাংশ হারে বোনাস শেয়ার আকারে লভ্যাংশও নিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই তথ্য উদ্ঘাটন করে ব্যাংকটির কাছে এর কারণ ব্যাখ্যা করতে বলেছে। একই সঙ্গে ব্যাংকটিতে তদারকি ও নজরদারির জন্য নতুন সাতটি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সোস্যাল ইসলামী ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০০৯ স্থিতিভিত্তিক ঋণ-অগ্রিম ও পুনঃ তফসিল করা খেলাপি ঋণ সরেজমিনে পরিদর্শন করে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ২০০৯ সালের জুলাই-ডিসেম্বর সময়ে এসআইবিএলের ১০০ কোটি ৫৬ লাখ টাকার পুনঃ তফসিল করা খেলাপি ঋণের যথার্থতা যাচাই করে। পরিদর্শক দল দেখতে পায়, ব্যাংকটি যথা নিয়মে খেলাপি ঋণ পুনঃ তফসিল না করায় এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে শ্রেণীকৃত ঋণ চিহ্নিত করায় এত দিন ধরে খেলাপি কম ছিল।পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে পুনঃ তফসিল করা খেলাপি ঋণের অধিকাংশই কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান লঙ্ঘন করে করা হয়েছে। ওই গোটা বছর ব্যাংক মোট ২০৮ কোটি ৬৫ লাখ টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করে।এ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল অতিরিক্ত ২২৫ কোটি তিন লাখ টাকার ঋণ খেলাপিতে চিহ্নিত করে আসে। কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এই খেলাপি ঋণ চিহ্নিত করায় ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়ায় ৩০৯ কোটি ৯৩ লাখ টাকা। এই ঋণ মোট বিতরণ করা দুই হাজার ৬২৫ কোটি ৫৬ লাখ টাকার ১১ দশমিক ৮১ শতাংশ। নতুন শ্রেণীকৃত ঋণের মধ্যে ২১৭ কোটি ৯১ লাখ টাকা বা ৭০ দশমিক ৩১ শতাংশ ঋণই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ের খেলাপিতে পরিণত হয়ে রয়েছে।এর আগে গত ফেব্রুয়ারি মাসে অন্য সব ব্যাংকের মতো এসআইবিএল কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২০০৯ সালের খেলাপি ঋণের তথ্য পাঠায়। সেই তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক তার ২০০৯ সাল পর্যন্ত সব ব্যাংকের ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদন তৈরি করে। এতে এসআইবিএলের মোট খেলাপি ঋণ দেখানো হয় ৮৪ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বিতরণ করা দুই হাজার ৬২৫ কোটি ৫৬ লাখ টাকার ৩ দশমিক ২৩ শতাংশ।নতুন করে খেলাপি ঋণ বাড়ার কারণে ব্যাংকটিতে এর বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দেখা দিয়েছে অতিরিক্ত ১১২ কোটি ৩১ লাখ টাকা। প্রসঙ্গত, এর আগে একইভাবে বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে প্রিমিয়ার ব্যাংকের ৩৭৭ কোটি ২৫ লাখ টাকার খেলাপি ঋণ ভালো মান দেখানোর তথ্য আবিষ্কার করেছিল। প্রিমিয়ার ব্যাংক ২০০৯ সালে তাদের মোট খেলাপি ঋণ ৬১ কোটি ৭৬ লাখ টাকা বা ১ দশমিক ৮৫ শতাংশ বলে উল্লেখ করেছিল। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল বিশেষ পরিদর্শনে ব্যাংকটির মোট ৪৩৯ কোটি ৪৯ লাখ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ ঋণকে খেলাপি হিসাবে শ্রেণীকরণ করে এসেছিল। খেলাপি ঋণকে ভালো মানের দেখানোর কারণে এত দিন ধরে এসআইবিএলকে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) পরিমাণও কম রাখতে হয়েছে। অন্যদিকে এসব ঋণ ভালো মানের দেখানোর কারণে এর থেকে সুদ আয় ব্যাংকের মুনাফায় নেওয়া হয়েছে। তারই ভিত্তিতে ২০০৯ সালে ব্যাংকটি ১১ শতাংশ হারে বোনাস শেয়ার ঘোষণা করে তা বিতরণ করে দিয়েছে শেয়ারধারকদের মধ্যে।এ বিষয়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু সাদেক মো. সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল মেয়াদোত্তীর্ণ ও গুণগত উভয় মান বিবেচনা করেই এগুলো খেলাপি করেছে। আর ব্যাংকগুলো সাধারণভাবে কেবল মেয়াদোত্তীর্ণ ঋণ খেলাপি করে। অবশ্য তিনিও বলেন, বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত করা খেলাপি ঋণের মধ্যে ১০০ কোটি টাকার মতো ঋণ গুণগত মান বিবেচনায় খেলাপি করা হয়েছে। এর অর্থ হলো, বাকি ১২৫ কোটি টাকার ঋণ মেয়াদোত্তীর্ণের কারণে বাংলাদেশ ব্যাংক খেলাপি চিহ্নিত করেছে।আবু সাদেক জানান, এসব খেলাপি ঋণের মধ্য থেকে ইতিমধ্যেই ১৪২ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করা হয়েছে। জুন শেষে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকে তথ্য পাঠিয়েছেন যে ব্যাংকটি খেলাপি ঋণ ১৭২ কোটি টাকা বা মোট বিতরণ করা দুই হাজার ৮৬১ কোটি টাকার ৫ দশমিক ৫৯ শতাংশ।আবু সাদেক আশা প্রকাশ করে বলেন, আগামী সেপ্টেম্বর-ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংকের খেলাপি ঋণ ৭০ কোটি টাকায় নামিয়ে আনতে তাঁরা সক্ষম হবেন।