খেলাপি ঋণের জামিনদাতারা প্রার্থী হতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, আগামীতে এমন আইন আসছে যাতে শুধু ঋণখেলাপিরাই নয়, খেলাপি ঋণের জামিনদারও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরে ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১২ ও সার্ভার স্টেশন’ সম্পর্কে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের ‘কাঞ্চন’ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম আল রাজী। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাগত বক্তব্য দেন।মুক্ত আলোচনায় দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনারের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানান। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. ছফর আলী অভিযোগ করেন, দুই দিন ধরে দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ হয়েছে। কিন্তু ভালোমতো প্রচার না করায় অনেকেই জানতেই পারেননি।ইভিএমে ভোট গ্রহণে দিনাজপুরবাসীর দাবির জন্য ধন্যবাদ জানিয়ে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ব্যালট পেপার ও বাক্স ব্যবহারের পাশাপাশি ইভিএম ব্যবহারে সরকারের যেমন নির্দেশ আছে, জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো আইন নেই। তবে জনগণ চাইলে নিশ্চয়ই একদিন ইভিএমের মাধ্যমে সব ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু আগামীতে আইন আসছে, খেলাপি ঋণের জামিনদাতা বা গ্যারান্টাররাও প্রার্থী হতে পারবেন না।নির্বাচন কমিশনার একটি ত্রুটিমুক্ত, নির্ভুল ও সবার কাছে গ্রহণযোগ্য হালনাগাদ ভোটার তালিকা তৈরির কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি অপরিহার্য। ভোটার তালিকা হালনাগাদ করার কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।জেলা নির্বার্চন কর্মকর্তা মো. আশরাফুল আলম ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, জেলার ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।