খেলাপি তথ্য: ব্যাংককে নির্দেশনা দিতে মন্ত্রণালয়কে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপিরা যাতে পৌরসভা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য অর্থ বিভাগকে পরিপত্র জারি করতে বলেছে কমিশন।জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তারেককে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন এ অনুরোধ জানান। কমিশনের সচিব মোহাম্মদ সাদিকের সই করা এ চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয় ৮ ডিসেম্বর। চিঠিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের নাম ও তাঁদের পিতা/মাতা/স্বামীর নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে স্ব-উদ্যোগে সংগ্রহ এবং বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহ করার নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর বিধানবলে কোনো ঋণখেলাপি ব্যক্তি পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এই নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তিদের যাতে নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সে জন্য সব ব্যাংক থেকে ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।চিঠিতে আরও বলা হয়, আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আলোকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে উল্লিখিত সর্বশেষ ঋণখেলাপি-সংক্রান্ত বিধান প্রতিফলিত করে অর্থ বিভাগের একটি পরিপত্র জারি করা প্রয়োজন। বিগত নবম জাতীয় সংসদ, উপজেলা পরিষদ নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে এ ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকেও তথ্য সরবরাহ করা হয়েছিল।চিঠিতে মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা এর আগেই ঋণখেলাপি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দিতে এবং প্রয়োজনে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশনা দিতে বলা হয়েছে, যাতে ঋণখেলাপি কেউ প্রার্থী হতে না পারেন।এ সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঋণখেলাপিরা যাতে সংসদ কিংবা উপজেলা পরিষদের নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও অংশ নিতে না পারেন, সে জন্যই অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। ব্যাংকগুলো হালনাগাদ তথ্য দিয়ে নির্বাচন কমিশনের এ কাজে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।প্রসঙ্গত, আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের ২৫৯টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তফসিল ঘোষণা করা হয়েছিল ২৬২টি পৌরসভা নির্বাচনের। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত দুই দিনে তিনটি পৌরসভার নির্বাচন স্থগিত হয়েছে। ইতিমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে মেয়র, কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। ১৯ ডিসেম্বর ঢাকা বিভাগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের পর বাছাইয়ের শেষ সময় পর্যন্ত ঋণখেলাপিদের তথ্য নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।