খেলাপি প্রতিষ্ঠানের সঙ্গে আরও দুই বিদ্যুৎকেন্দ্রের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিবদ্ধ সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যর্থ একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরকার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার নতুন যে তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, ওই দুটি তার অন্যতম।সরকারি সূত্র জানায়, পাওয়ার প্যাক মুতিয়ারা পাওয়ার প্ল্যান্ট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারের সঙ্গে চুক্তি করে গত বছরের ৮ জুলাই। চুক্তি অনুযায়ী এ বছরের ৩১ মার্চের মধ্যে কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল। কোম্পানিটি তাতে ব্যর্থ হওয়ায় সরকার কেন্দ্রটি চালু করার সময় বাড়িয়ে ৩০ এপ্রিল করে। কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রটি চালু হয়নি।চুক্তি অনুযায়ী কেন্দ্রটি চালু করতে বিলম্বের জন্য সরকারকে প্রতিদিন প্রতি মেগাওয়াটের জন্য ৫০০ মার্কিন ডলার হিসাবে যে আর্থিক জরিমানা দেওয়ার বিধান রয়েছে, কোম্পানিটি তাও লঙ্ঘন করছে। জরিমানা দিচ্ছে না বলে সরকারি সূত্র জানায়। কোম্পানিটি মালয়েশিয়াভিত্তিক মুতিয়ারা কনসোলিডেটেড এসএনবি বিএইচডি এবং বাংলাদেশের শিকদার গ্রুপের মালিকানাধীন পাওয়ার প্যাক হোল্ডিংসের যৌথ উদ্যোগে গঠিত।এই কোম্পানিটির সঙ্গেই সরকার বৃহস্পতিবার দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। এর একটি ফার্নেস তেলচালিত ৯৯ দশমিক ৩৮ মেগাওয়াট ক্ষমতার, স্থাপিত হবে খুলনায়। অপরটি ৯৪ দশমিক ৮৪ মেগাওয়াট ক্ষমতার, স্থাপিত হবে জামালপুরে। এটি হবে দ্বৈত জ্বালানি (গ্যাস অথবা ফার্নেস তেল) ভিত্তিক।চুক্তি অনুযায়ী, কোম্পানিটি বেসরকারি খাতে আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) হিসেবে আগামী বছরের নভেম্বরের মধ্যে কেন্দ্র দুটি স্থাপন করবে। সরকার খুলনার কেন্দ্রের প্রতি ইউনিট (এক কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুৎ ছয় টাকা ৬৯ পয়সা এবং জামালপুর কেন্দ্রের প্রতি ইউনিট ছয় টাকা ৯৮ পয়সা হিসাবে ১৫ বছর ধরে কিনে নেবে।সূত্রগুলো জানায়, যে কোম্পানি আট মাসের স্থলে ১৩ মাসেও ১০০ মেগাওয়াটের একটি কেন্দ্রের কাজ শেষ করতে পারেনি, প্রায় ২০০ মেগাওয়াট ক্ষমতার আরও দুটি কেন্দ্রের জন্য ওই কোম্পানির ওপর কীভাবে নির্ভর করা যায়, তারা তা বুঝতে পারছে না।এ সম্পর্কে বিদ্যুৎ মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো বলে, দরপত্র প্রক্রিয়ায় কোম্পানিটি সর্বনিম্ন দরদাতা হওয়ায় তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তা ছাড়া কেরানীগঞ্জের কেন্দ্রটিও শিগগির চালু হচ্ছে। তবে অন্যান্য নির্ভরযোগ্য সূত্র জানায়, এর পেছনে সরকারের মধ্যকার রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে।অন্য যে কেন্দ্রটি স্থাপনের চুক্তি বৃহস্পতিবার হয়েছে, সেটি হবে চট্টগ্রামে। ফার্নেস তেলভিত্তিক ওই কেন্দ্রটি স্থাপন করবে দেশীয় কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, পাওয়ার প্যাক জেনারেশন লিমিটেড এবং যুক্তরাষ্ট্রভিত্তিক রুরেলেক পিএলসির যৌথ উদ্যোগ। ১০৮ মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্রটি থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সাত টাকা দুই পয়সা দরে। সরকারের পক্ষে বিদ্যুতের ক্রেতা প্রতিষ্ঠান পিডিবির সচিব মো. আজিজুল ইসলাম এবং কোম্পানি দুটির পক্ষে পাওয়ার প্যাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ভাড়াভিত্তিক, কুইক রেন্টাল, ক্ষুদ্র আইপিপি প্রভৃতি কেন্দ্র থেকে দুই হাজার মেগাওয়াটের বেশি নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। যে কোম্পানিগুলো চুক্তি করেও কেন্দ্র স্থাপনে ব্যর্থ হয়েছে, সেগুলো চালু হলে বিদ্যুৎ উৎপাদন আরও প্রায় ৫০০ মেগাওয়াট বাড়ত।বর্তমানে সরকারি হিসাবেই দেশে বিদ্যুতের দৈনিক সর্বোচ্চ চাহিদা সাত হাজার মেগাওয়াটের বেশি। উৎপাদন হচ্ছে কমবেশি পাঁচ হাজার মেগাওয়াট।