খেলার চেয়েও বেশি!
চৈত্র শুরু হতে এখনো দিন কয় বাকি। তার পরও আগুনগরম উত্তাপ কি টের পেতে শুরু করেছেন? বাতাসে কি পাওয়া যায় উসখুস বারুদের ঘ্রাণ, ফুঁসে ওঠা দেশলাইয়ের কাঠির চুম্বনের অপেক্ষায় যে বারুদ! কান পাতলে কি পাওয়া যায় রণ দুন্দুভির বাজনা?সময়ের হাত ধরে পাল্টায় সব—মনছবি, রং, অবয়ব। তরুণ ছবির ওপর জমে বিস্মৃতির বুড়ো ধুলো। সেই পাল্টে যাওয়া স্রোতে ভেসে নতুন এক কূলে দাঁড়িয়ে আমরা পাই নতুন ছবি। ভিনদেশি দল নিয়ে আগের সেই উন্মাদনা আসলেই নেই এখন আমাদের মাঝে। তার পরও বলতে হচ্ছে, একটি ছবি অন্তত খুব বেশি পাল্টায়নি। এখনো ক্রিকেটে ‘ভারত বনাম পাকিস্তান’ এই শব্দত্রয়ী জাগায় অন্য রকম শিহরণ। এশিয়া কাপ...এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই...ভারত বনাম পাকিস্তান কিংবা পাকিস্তান বনাম ভারত—এই দ্বৈরথ তাই আলোচনার টেবিল কাঁপাবে সাত রিখটার স্কেলে, চায়ের কাপে তুলবে সাইক্লোন।হয়তো আগের মতো বন্ধু-আড্ডায় একে অন্যের দিকে তেড়ে যাওয়া হয় না। বিশ্বের ক্রিকেট মানচিত্রে বাংলাদেশ একটু একটু করে হাঁটতে শেখার পর অন্য দলের প্রতি আমাদের নিরঙ্কুশ সমর্থনে ভাটার টান পড়েছে। আমাদের যাবতীয় স্বপ্ন-আবেগ-উচ্ছ্বাস এখন লাল-সবুজেই দ্রবীভূত। কিন্তু তার পরও ভারত-পাকিস্তান মুখোমুখি হলে স্মৃতির ফাতনায় কোথায় যেন টান পড়ে। আমরা গেয়ে উঠি, ‘...সে কী ভোলা যায়!’এবারের এশিয়া কাপে এই পরম প্রার্থিত দ্বৈরথ নিয়ে বাড়তি উত্তেজনা থাকবেই। দুই বৈরী দেশের সম্পর্কে ফাটল এখন আরও বেশি স্পষ্ট। রাজনৈতিক, কূটনৈতিক টানাপোড়েনের আঁচ ক্রিকেট মাঠেও গিয়ে পড়েছে। ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াই এখন তাই সহজপ্রাপ্য নয় মোটেও। চার বছর হয়ে গেল টেস্টে মুখোমুখি হয় না এই দুই দল। গত সাড়ে তিন বছরে ওয়ানডে ম্যাচও হয়েছে মোটে তিনটি। সর্বশেষ লড়াইটা গত বিশ্বকাপের সেমিফাইনালে।সেখানে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্নের ঘুড়িটাকে ভোকাট্টা করে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দলের ধারালো মাঞ্জা। পাকিস্তান যে তাই প্রতি নিঃশ্বাসে প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছে, তা জানতে গুনিন হতে হয় না। পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জাবেদা খাতায় তোলা আছে গত এশিয়া কাপটিও। দুই বছর আগের সেই আসরে ডাম্বুলায় ২৬৭ করেও জিততে পারেনি পাকিস্তান। উত্তেজনার ঘাম ছোটানো সেই ম্যাচে এক বল বাকি থাকতে ভারত জিতেছিল। ছিনতাই করে নিয়েছিল পাকিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন।করাচি বিমানবন্দর থেকে এই দুটো পরাজয়ের প্রতিশোধমন্ত্র জপেই হয়তো উড়াল দিয়েছে মিসবাহ-উল হকের দল, অধিনায়ক নিজেও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ট্র্যাজিক হিরো হয়ে আছেন এই ভারতের বিপক্ষেই। ব্যক্তিগত আর দলীয় হিসাব তাই মিলেমিশে একাকার!প্রতিশোধের মিশনে পায়ের নিচে শক্ত মাটিই পাচ্ছে পাকিস্তান। খোদ মিসবাহই কদিন আগে বলেছেন, বাংলাদেশকে, আরও স্পষ্ট করে বললে ঢাকাকে নিজেদের পয়মন্ত এক ভেন্যুই ভাবেন তাঁরা। এখানে, বিশেষ করে ‘চিরশত্রু’ ভারতের বিপক্ষে বেশ কিছু সুখস্মৃতি আছে। এখন পর্যন্ত পাকিস্তানের একমাত্র এশিয়া কাপের শিরোপাটি এই ঢাকাতেই। ঢাকাতেই ভারতকে হারিয়ে পাকিস্তান জিতেছে কিটপ্লাই কাপ। তা ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজটা আপাতত পাথরচাপা দিয়ে রাখলে বলতেই হচ্ছে, পাকিস্তান আছে দুর্দান্ত ফর্মে। আর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্টে নাকানিচুবানি খাওয়া ভারত সিবি সিরিজের ট্রফিটাও রেখে এসেছে তাসমান সাগরের বালিয়াড়িতে।ভারত সমর্থকেরা এই পর্যন্ত পড়ে ভাবতে পারেন, পাঁড় কোনো পাকিস্তান সমর্থকের বোকা বোকা কলম থেকে নির্বোধ অক্ষরই হয়তো বেরোল এতক্ষণ! কেবল পাকিস্তানই প্রতিশোধ নেবে? আর ভারত বুঝি বসে বসে খাবে কাঁচকলা? ভারতেরও তো কিছু হিসাব চুকানোর আছে। আর প্রতিপক্ষ যখন পাকিস্তান, সেটা তো শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়। সাংবাদিকের কলম হয়তো একটু বাড়তিই রং ছড়ায়, ধোনিরা বুকে হাত দিয়ে বলুন, তাঁরাও অনুভব করেন না অন্য রকম রোমাঞ্চ? শিরায় প্রবাহিত হয় না অন্য রকম শিহরণ?১৮ মার্চ কাশ্মীর কি ওয়াগা সীমান্তে বাড়তি উত্তেজনা দেখা দিলে তাই অবাক হবেন না!