খেলার চেয়েও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা নিয়ে শঙ্কা ছিল যে দলের, সেই জাপানই ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে। লিখেছেন রঞ্জন সেনঅংশগ্রহণ নিয়েই ছিল শঙ্কা। কিন্তু মাঠ ও মাঠের বাইরের সব প্রতিবন্ধকতা জয় করে তারা আজ বিশ্বকাপ শিরোপার দ্বারপ্রান্তে। মার্চের শুরুতে ফুকুশিমায় ভয়ংকর ভূমিকম্প ও সুনামি অর্থনৈতিক পরাশক্তি জাপানকেও কাঁপিয়ে দিয়েছে। বিপর্যস্ত দেশে ঠিকভাবে প্রস্তুতি নিতে না পারায় কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নেয় জাপান। তবে ফিফার বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত জার্মানিতে মহিলা বিশ্বকাপ খেলতে যায় জাপানিরা।জাপানি মেয়েদের লক্ষ্য ছিল শোকগ্রস্ত জাতিকে আনন্দের উপলক্ষ এনে দেওয়া। নানা সীমাবদ্ধতার মাঝেও বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে তারা সে লক্ষ্য অনেকটাই পূর্ণ করে ফেলেছে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে ষোলআনা পূর্ণ করার আশা নিয়ে আজ ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপ ফাইনালে নামবে সূর্যোদয়ের দেশের মেয়েরা।সেই বিপর্যয়ের কারণে জাপানকে অনেক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত বা বাতিল করতে হয়। নির্ধারিত সময়ে হতে পারেনি জাপানি মহিলা ফুটবল লিগও। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির দল টেপকো মারিজির স্থায়ী ঠিকানা ফুকুশিমা। ট্রেনিং সেন্টার ও অন্যান্য অবকাঠামো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ায় তারা লীগ থেকে দল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। তাদের ডিফেন্ডার আয়া সামিশিমা জাতীয় দলের অন্যতম সদস্য। ক্যারিয়ার বাঁচাতে তিনি পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে বেশ কয়েকটি ক্লাবকে প্র্যাকটিস সূচি পরিবর্তন করতে হয়েছে। শৌখিন খেলোয়াড়েরা চাকরি বা ক্লাসের পরিবর্তিত সময়ের সঙ্গেও তাল মেলাতে পারছিলেন না। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে নির্ধারিত সময়ের এক মাস পর শুরু হয় মহিলা লিগ।তাই প্রস্তুতির ঘাটতি নিয়েই জার্মানি উড়ে যেতে হয় জাপানকে। তবে গত কয়েক বছরের পারফরম্যান্সে তাদের গায়ে ছিল অন্যতম ফেভারিটের তকমা। সঙ্গে যুক্ত হয়েছে নিরপেক্ষ দর্শকদের সহানুভূতি আর সমর্থন। ফিফা র‌্যাঙ্কিংয়ের চার নম্বর দলটি ১৯৯১ সাল থেকে সব কটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু কখনোই মহিলা ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অষ্টম স্থানের ওপরে উঠতে পারেনি।এবার কোয়ার্টার ফাইনালে গত দুবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক জার্মানির সামনে পড়ে জাপান। হট ফেবারিটদের সামনে পড়ে ভড়কে না গিয়ে বরং তাক লাগিয়ে দেয় তারা। সেমিফাইনালে সাবেক রানার্সআপ সুইডেনকে উড়িয়ে দিয়ে এখন চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষায় জাপানি কন্যারা।সম্প্রতি জাপান পুরুষ জাতীয় দলের সঙ্গে জে লিগ অলস্টার দলের এক প্রদর্শনী ম্যাচ থেকে ২ মিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে। তার চেয়ে বড় কথা, এই ম্যাচটিকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছিল আগ্রহ। টিভিতে বিপুল দর্শক উপভোগ করেছিল খেলা। তাই তো জাপানের কোচ নোরিও সাসাকির কাছে বিশ্বকাপ শুধুই খেলা নয়, বেশি কিছু। তিনি মনে করেন, জার্মানির মাঠে মহিলা দলের সাফল্য দেশবাসীকে উদ্দীপ্ত করে তুলবে। শোক ভুলে তারা পাবে ঘুরে দাঁড়ানোর শক্তি।