খেলার নেশা থেকে পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুল আর হাঁড়ি-পাতিল নিয়ে খেলতে কখনোই ভালো লাগত না তাঁর। ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলার প্রতি আগ্রহটা ছিল বরাবর। আর এই খেলা দেখার নেশাটা একসময় হয়ে গেল পেশা। নারী হিসেবে সাংবাদিকতা পেশাটা এমনিতেই ঝক্কির, তার ওপর ক্রীড়া সাংবাদিকতা অনেকের কাছেই মনে হতে পারে ব্যতিক্রমী। কিন্তু তিনি জানেন, যেন এই পেশাটি তাঁর জীবনের অংশ হয়ে গেছে। তাই মনিজা রহমান আর ক্রীড়া সাংবাদিকতাকে আলাদা করা যাবে না। শরতের এক রৌদ্রোজ্জ্বল সকালে কথা হলো তাঁর ইস্কাটনের বাসায় বসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক আর স্নাতকোত্তর শেষ করেছেন তাও প্রায় এক যুগ। এরপর শুরু সাংবাদিকতা। কীভাবে এলেন ঝুঁকিপূর্ণ এই পেশায়? আর সাংবাদিকতার বিষয় নির্বাচনে কেন এই অভিনবত্ব? মনিজা রহমান বলেন, ‘আসলে খেলাধুলার প্রতি আগ্রহটা আমার বরাবরই। বাবা মহিদুল ইসলাম গেন্ডারিয়া এলাকার স্থানীয় ফুটবল ক্লাবের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তাই নিয়মিত খেলা দেখতে যেতাম। বলা যেতে পারে, পারিবারিক পরিমণ্ডলের কারণেই খেলাধুলার প্রতি আগ্রহটা তৈরি হয়। তবে কি পেশা নির্বাচনের ক্ষেত্রেও বাবার প্রভাব ছিল? না, তেমনটা নয়। বাবা চাইতেন, অর্থনীতিতে পড়াশোনা করেছি। ব্যাংকে অথবা বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করব। তবে আমি সব সময়ই চেয়েছি একটু আলাদা কিছু করতে। পুরুষের সমানতালে কাজ করার ইচ্ছেটা ছিল সব সময়। আবার গৎবাঁধা টেবিল-চেয়ারের চাকরি কখনোই পছন্দ ছিল না। এ ছাড়া প্রতিনিয়ত সৃষ্টির অভীপ্সা আমাকে প্রণোদনা জুগিয়েছে। ক্রীড়া সাংবাদিকতায় আমি যেন সবকিছু মেলাতে পেরেছি।’প্রশ্ন করি, নারীরা সাধারণত ক্রীড়া সাংবাদিকতায় আসতে চান না কেন? তিনি বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতাকে অনেকে মনে করেন টেকনিক্যাল বিষয়। অনেকে আগে থেকেই ভেবে বসেন, আমাকে দিয়ে হবে না। অবশ্য এই চিন্তায় বর্তমানে কিছুটা পরিবর্তন এসেছে। প্রিন্ট মিডিয়ায় এখন পর্যন্ত আমি একমাত্র নারী ক্রীড়া সাংবাদিক। তবে টিভি মিডিয়াতে ধীরে ধীরে নারী ক্রীড়া সাংবাদিকের সংখ্যা বাড়ছে।’ মনিজা রহমানের শুরুটা হয়েছিল দৈনিক মানবজমিন দিয়ে। আর দৈনিক জনকণ্ঠে সিনিয়র ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০০ সাল থেকে। সাংবাদিক পরিচয়ের বাইরে ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। স্বামী মনির হায়দারও একটি জাতীয় দৈনিকে সাংবাদিকতা করছেন। মনিজা রহমান বলেন, ‘আমরা দুজন একই পেশায় থাকাতে একজন অন্যজনের সমস্যাগুলো বুঝি। একজন অন্যজনকে সহযোগিতা করতে পারি। এমন অনেক সময় হয়েছে, ছোট বাচ্চাকে রেখে দেশের বাইরে যেতে হয়েছে। এসব পরিস্থিতিতে আমি কিন্তু কখনোই পিছু হটিনি। ঠিকই দায়িত্ব পালন করেছি। তবে এটা ঠিক, পারিবারিক সহযোগিতা না পেলে এটা কোনোভাবেই সম্ভব হতো না।’মনিজা রহমান বলে চলেন, ‘প্রথম দিকে কাজ করার সময় দেখতাম, মাঠের খেলোয়াড় থেকে শুরু করে প্রেসবক্স, এমনকি দর্শক পর্যন্ত সবাই পুরুষ। তখন কিছুটা বিব্রত হতাম। অনেকে প্রশ্ন করে বসতেন, আপনি কি সাংবাদিক? উত্তর শুনে বিস্ময়ের ঘোর কাটতে চাইত না প্রশ্নকারীর। কিন্তু এখন আর তেমন প্রশ্নবাণে বিদ্ধ হই না।’ তা ছাড়া প্রশ্ন করবেই বা কে? কারণ তিনি তো এখন সবার প্রিয় মনিজা আপা।১৯৯৯ সালে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার সাক্ষাৎকার নেওয়ার ঘটনাটিকে এখন পর্যন্ত তাঁর সাংবাদিকতা জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা বলে মনে করেন মনিজা রহমান। তিনি বলেন, ‘ব্রায়ান লারা সচরাচর সাংবাদিকদের সাক্ষাৎকার দেন না। কিন্তু অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত তাঁর সাক্ষাৎকার নিতে সমর্থ হই। এটি আমার জন্য অনেক বড় অর্জন।’ দেশে তো বটেই, ভিনদেশেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা কাভার করেছেন তিনি। ২০০৭ সালে ভারতে নেহরু কাপ ফুটবল টুর্নামেন্ট এবং ২০০৯ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকি প্রতিযোগিতা কাভার করেন মনিজা রহমান। তাঁর ইচ্ছে আছে বিশ্বকাপ ক্রিকেট আর অলিম্পিক কাভার করার। পাশাপাশি খেলাধুলা নিয়ে বই লেখার ইচ্ছে আছে তাঁর। সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক কমিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির সদস্য। তবে এসব দায়িত্ব পালনের কারণে ভুলে যাননি নিজের পারিবারিক দায়িত্বটি। মনিজা রহমান বললেন, ‘আমি তো একজন মা, আর স্বামী-সন্তানসহ এই সংসার তো আমার জীবনের একটি অংশ। এরই মধ্যে ছোট ছেলে সৃজন ঘুম থেকে উঠে মায়ের কোলে ঠাঁই নিয়েছে। সন্তানের মাথায় স্নেহের পরশ বুলিয়ে তিনি বলেন, ‘একসময় এরাই তো আমার কাজের মূল্যায়ন করবে।’