খেলার মাঠ নেই গর্তই ভরসা
বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার শাকিল, মুন, রাজীবসহ সব শিশু-কিশোরেরই ফুটবল অথবা ক্রিকেট খেলার অদম্য ইচ্ছা। কিন্তু আশপাশে মাঠ কোথায় যে যেখানে তারা খেলবে। তাই বাধ্য হয়ে মহল্লার কানাইবাড়ী মোড়ের কাছের একটি ঢালু জায়গাকেই তারা খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে। আয়তনে একেবারেই ছোট ও অসমান এই স্থানে ভালোমতো দৌঁড়ানোও যায় না। তার পরও এলাকার শিশু-কিশোরেরা সেখানেই মহাউৎসাহে মেতে ওঠে ফুটবল অথবা ক্রিকেট খেলায়। এমনকি মাঝে মাঝে সেখানেই অনুষ্ঠিত হয় অন্য পাড়া-মহল্লা অথবা সংগঠনের শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল অথবা ক্রিকেট প্রতিযোগিতা। শুধু সান্যালপাড়া মহল্লার শিশু-কিশোরই নয়, বেড়া পৌরসভার ২২টি মহল্লার বেশির ভাগ শিশু-কিশোরের মাঠে গিয়ে খেলাধুলা করার সুযোগ নেই। মাঠের পরিবর্তে পতিত অথবা ফাঁকা জায়গায় যে খেলবে, সে উপায়ও তাদের নেই। কারণ বেশির ভাগ মহল্লার পতিত ও ফাঁকা জায়গা পূরণ করে গড়ে উঠছে ঘরবাড়ি ও দোকানপাটসহ নানা অবকাঠামো। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৬০ হাজার জনসংখ্যা-অধ্যুষিত বেড়া পৌরসভায় উল্লেখযোগ্য খেলার মাঠ আছে চারটি। সেগুলো হলো, শহীদ আবদুল খালেক স্টেডিয়াম, বেড়া কলেজের মাঠ, বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের মাঠ ও বৃশালিখা মাঠ। পৌর এলাকার শিশু-কিশোরদের এ মাঠ চারটিতে খেলার সুযোগ খুব কমই মেলে। কারণ বেশির ভাগ ক্ষেত্রে বড়রাই মাঠগুলো দখল সেখানে খেলাধুলা করেন। এ ছাড়া ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্যও মাঠগুলো মাঝেমধ্যে আটকে থাকে। পৌর এলাকার বিভিন্ন স্থান ও এলাকা ঘুরে দেখা গেছে, খেলার সুযোগ না পেয়ে অনেক স্থানেই শিশু-কিশোরেরা দল বেঁধে ঘোরাঘুরি করছে অথবা জটলা পাকিয়ে বসে আছে। খোঁজ নিয়ে জানা যায়, ১০ থেকে ১৫ বছর আগেও বেড়া পৌর এলাকায় প্রচুর ফাঁকা জায়গা ছিল। এসব জায়গায় শিশু-কিশোরেরা মেতে উঠত খেলাধুলায়। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভায় পরিণত হওয়ার পর বেড়া পৌর এলাকার ফাঁকা জায়গাগুলোয় দ্রুত গড়ে ওঠে ঘরবাড়িসহ নানা অবকাঠামো। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে মাঠগুলো ছিল, সেগুলোর বেশিরভাগই বাড়তি ভবন ওঠার কারণে সংকুচিত হয়ে পড়ছে। ৬০-এর দশকে পাকিস্তান জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ছিলেন বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা এম গোলজার হোসেন। তিনি বলেন, ‘আমাদের সময়ে এখানে-সেখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল। ফলে সে সময় খেলার জায়গার কোনো অভাব ছিল না। কিন্তু এখন জায়গার অভাবে শিশু-কিশোরদের খেলার সুযোগ খুব কম। এ কারণে বেড়ার ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই স্থবিরতা বিরাজ করছে।’বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক শামীম বলেন, ‘বেড়া পৌরসভায় বেশ কয়েকটি খেলার মাঠ থাকলেও জনসংখ্যার তুলনায় তা অপ্রতুল। এ কারণে অনেক শিশু-কিশোরকে খেলার সুযোগ থেকে বঞ্চিত থাকতে হয়। তবে আমরা শিগগির পৌরসভায় একটি আকর্ষণীয় শিশুপার্ক তৈরি করতে যাচ্ছি।’