খেলার মাঠে গুচ্ছবোমা, সিরিয়ায় ১০ শিশু নিহত
সিরিয়ার সরকারি বাহিনীর চালানো গুচ্ছবোমা হামলায় ১০ জন শিশু নিহত হয়েছে। মাঠে খেলার সময় শিশুদের ওপর এ হামলা চালানো হয়। সিরিয়ায় সরকারবিরোধী দলের কর্মীরা জানান, রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে দির আল আসারিফ গ্রামে একটি খেলার মাঠে মিগ যুদ্ধবিমান থেকে গুচ্ছবোমা ফেলা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তায় দুজন মেয়ের লাশ পড়ে রয়েছে। হাসপাতালে সন্তানের মরদেহের পাশে বিলাপ করছেন একজন মা। খবর বিবিসির। গতকাল রোববারও রাজধানী দামেস্কে সরকারি দল ও বিদ্রোহী দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় ফোরাত নদীর কৌশলগত বাঁধটি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ছাড়া দখলে নিয়েছে একটি বিমানঘাঁটির অংশবিশেষ।আবু কাসেম নামের একজন কর্মী জানান, নিহত শিশুদের কেউই ১৫ বছরের ঊর্ধ্বে নয়। হামলার সময় বিদ্রোহীরা গ্রামের ভেতরে ছিল বলে যে অভিযোগ করা হয়েছে, তা তিনি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, ওই সময় বিদ্রোহীরা গ্রামের বাইরে ছিল।সিরীয় সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে অভিযোগ ওঠে যে, সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের ওপর তারা গুচ্ছবোমা হামলা বাড়াচ্ছে। দামেস্ক বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সিরিয়ার বিদ্রোহী জোটকে সমর্থন দেওয়ায় ফ্রান্সসহ অন্যান্য রাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, এটা অগ্রহণযোগ্য। ফ্রান্স সফরের উদ্দেশ্যে গতকাল সোমবার মস্কো ছাড়ার প্রাক্কালে তিনি এ কথা বলেন।ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য ও আরব উপদ্বীপের রাষ্ট্রগুলো সিরিয়ার বিদ্রোহী জোটকে সমর্থন জানিয়েছে।