খেলার মাঠে হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি খেলার মাঠ না হাট? নীচের ছবিটি এক নজর দেখে বিভ্রান্তিতে পড়তে পারেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাঁচামালের বস্তা। সারিবদ্ধ রিকশা-ভ্যান। ক্রেতা-বিক্রেতার সমাগম। গ্রামবাংলার চিরন্তন হাটেরই ছবি এটি।আর এই সবজির হাট বসেছে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে। যে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকলেই চোখে পড়ে ট্রফির সারি। যার মধ্যে আছে ১৯৯১-৯২ মৌসুমে জাতীয় স্কুল ভলিবলে চ্যাম্পিয়নশিপ ট্রফি। জাতীয় পর্যায়ের স্কুলভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জেতা এসব ট্রফির দিকে তাকিয়ে মনে হবে বিদ্যালয়ের নয়, এটি কোনো বিভাগীয় ক্রীড়া পরিষদের অফিস কক্ষ!অথচ এই বিদ্যালয়ের মাঠের শিক্ষার্থীরাই খেলাধুলা থেকে এখন অনেকটা বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের মাঠে হাট বসার কারণে। বোরবার ও বুধবার সপ্তাহে দুই দিন হাট বসে খেলার মাঠে। অবশ্য এই মাঠে হাট বসাটা নতুন কিছু নয়, ২০ বছর ধরেই হয়ে আসছে এটা। কিন্তু উত্তরোত্তর হাট বড় হওয়ায় এখন ভোগান্তিটা বেশি পোহাতে হচ্ছে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের। হাটের দিন খেলাধুলা করতে পারে না শিক্ষার্থীরা। পরের দিন বর্জ্য পড়ে থাকে মাঠে। পরিষ্কার না করলে খেলাধুলা করা যায় না।খেলার মাঠে হাট শিক্ষার্থীদের লেখাপড়ারও ক্ষতি করছে। হাটবারের দিন মাত্র চারটি ক্লাস করেই স্কুল ছুটি হয়ে যায়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমেই খেলার মাঠে হাট বসার সিদ্ধান্ত হলেও এখন শিক্ষার্থীদের অভিভাবকদের অভিমত, বিদ্যালয়ের স্বার্থেই খেলার মাঠ থেকে হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া উচিত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মতামতও তা-ই, ‘খেলার মাঠে হাট বসায় ছেলেমেয়েদের যেমন খেলাধুলার বিঘ্ন ঘটছে, তেমনি খেলাপড়ারও। হাটের দিন নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করতে হয় স্কুল।’ বাউসী হাট কমিটির সভাপতি আলী হাসমতও স্বীকার করেন, খেলার মাঠে হাট বসা ঠিক নয়। হাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ‘বিষয়টি আমি দেখব’ বলে আশার কথা শুনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান।শফিকুল ইসলামসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি