খেলেছিল তারা, গেয়েছিলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যদের তুলনায় বলটিকে বেশ জোরেই নিক্ষেপ করেছে সে। তাই দেখে অভিভাবক ও শিক্ষকেরা আনন্দে উচ্ছ্বসিত। তুমুল করতালি দিয়ে তাকে উৎসাহিত করতে বলতে থাকেন, ‘দুর্দান্ত বল নিক্ষেপ!’ বল ছুড়তে দৌড়ে সামনে এগিয়ে গেল আরও এক শিশু। তাকেও উৎসাহিত করা হলো করতালি দিয়ে। লাল ও সবুজ পোশাক পরা শিশুরা যখন শিক্ষকদের সহযোগিতায় ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল’ গানটির সঙ্গে হাত নাড়ছিল, সেই দৃশ্য এক আবেগময় পরিবেশ সৃষ্টি করেছিল।গতকাল শুক্রবার সকাল থেকেই ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের চেহারা পাল্টে যায়। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষাঙ্গন ‘কানন’-এর প্রায় দেড় শ অটিস্টিক শিশুকে নিয়ে আয়োজন করা হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই শিশুরা যেটুকুই করছিল, তা-ই ছিল অভিভাবক ও শিক্ষকদের কাছে অনেক বড় কিছু।ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ বলেন, অনেক স্কুলে বড় খেলার মাঠ আছে, কিন্তু এই শিশুদের খেলার জন্য কোনো মাঠ নেই। খেলার মাঠ ও অর্থের অভাবে এই শিশুরা প্রতিবছর এ ধরনের আয়োজনে অংশ নিতে পারে না। ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবার তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছে।অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক মহিলা মাস্টার দাবাড়ু রানী হামিদ বলেন, অটিস্টিক শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ করানো খুবই জরুরি। কিন্তু ঢাকায় এই শিশুসহ অন্য শিশুদের জন্যও নেই খেলার মাঠ। তিনি এই শিশুদের সহযোগিতা করার জন্য বিত্তবান মানুষ এবং সরকারি-বেসরকারি সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের কর্মসূচি সমন্বয়কারী শাহীন আখতার, ক্রীড়াবিদ হাবিবুল বাশার, জোবেরা রহমান, সুলতানা ক্রীড়া কমপ্লেক্সের প্রশাসক আয়েশা বেগমও শিশুদের খেলার মাঠের বিষয়টিতে গুরুত্ব দেন। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতোধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করেন তাঁরা।সন্তানদের চেয়ে অভিভাবকদের আনন্দও কম নয়। প্রতিবেদককে এক বাবা খুশিতে উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘আমার ছেলে পুরস্কার পেয়েছে।’ খানিকটা থেমে গিয়ে বললেন, ‘তবে পুরস্কার পাওয়ার মানে সে বুঝতে পারে না।’ তিনি একটু উত্তেজিত হয়ে আবার বললেন, ‘ছেলে আগে কথা বলত না, এখন কথা বলতে পারে।’ এই বাবার মতো সব অভিভাবকই ছিলেন অনুপ্রাণিত। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তবে যাদের জন্য এত আয়োজন, সেই শিশুদের এসবে বিশেষ মনোযোগ ছিল না। খেলাধুলার পর তারা আবার মগ্ন হয়ে পড়েছিল তাদের নিজেদের জগতে, যে জগৎ অন্যদের কাছে দুর্জ্ঞেয়।