এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৭ ডিসেম্বর এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। তিনি কথা বলেছেন কথাবন্ধু ব্রতির সঙ্গে। ফুটবল খেলার নানা বিষয় এবং এটিকে পেশা হিসেবে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: ১৯৮৫ সালের লিগে ব্রাদার্সের বিপক্ষে সেই ম্যাচটি সম্পর্কে কিছু বলুন?ইমতিয়াজ সুলতান জনি: ১৯৮৫ সালের ব্রাদার্স-আবাহনীর মধ্যকার খেলাটি আমার জীবনের অন্যতম একটি ম্যাচ ছিল। তখন আমি আবাহনীর অধিনায়ক ছিলাম। ব্রাদার্সের সঙ্গে খেলা, সুতরাং আমাদের জিততে হবে—এটি ছিল আমাদের পণ। খেলার শুরুতেই আমরা দুই গোলে পিছিয়ে গেলাম। তবে আমাদের দলের মধ্যে একটি চ্যালেঞ্জ ছিল। প্রথম বিরতির আগেই আমরা একটি গোল শোধ করি। আমরা ম্যাচে ফিরে এলাম এবং শেষে ৩-২ গোলে জয় পেলাম। তখন সুপার লিগে মোহামেডানের চেয়ে আমরা ৮ পয়েন্ট পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে জয়ের ধারায় নিয়ে আসা সত্যিই চ্যালেঞ্জের। সে সময় দর্শকের অবস্থা কল্পনা করা যায়! দর্শকে ভর্তি ছিল পুরো স্টেডিয়াম। কথাবন্ধু: জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার সময় কোন বিষয়গুলোর সমন্বয় করাটা জরুরি বলে আপনি মনে করেন?ইমতিয়াজ সুলতান জনি: জাতীয় দলের হয়ে খেলছি এ জন্য আমরা অনেক গর্বিত ছিলাম। জাতীয় দলে খেলাকে আমরা মনে করতাম, আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ, সে সময় জাতীয় দলে খেলা অনেক কঠিন ছিল। অনেক প্রতিদ্বন্দ্বীও ছিল। বর্তমানে সবার আগে যা দরকার, তা হচ্ছে প্রত্যেক খেলোয়াড়কে দেশের প্রতি প্রতিশ্রুতি নিয়ে খেলা উচিত। এ জন্য খেলোয়াড়দের নিজস্ব দক্ষতা বাড়াতে হবে। কারণ, এ মুহূর্তে আমাদের দেশে দক্ষ খেলোয়াড়ের সংখ্যা অনেক কম।কথাবন্ধু: এই মুহূর্তে দেশে ফুটবলকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতটুকু রয়েছে?ইমতিয়াজ সুলতান জনি: ফুটবলকে অবশ্যই পেশা হিসেবে নেওয়া যায়। তার উদাহরণ হচ্ছে এখনো যাঁরা দলের শীর্ষে রয়েছেন, তাঁরা প্রায় প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করেন। এর পরের স্তরে যাঁরা রয়েছেন তাঁরাও প্রতিবছর ২০ লাখ, ১৫ লাখ ও ১০ লাখ টাকা আয় করেন। এ ছাড়া একজন ভালো ফুটবলার হতে পারলে দ্রুত পরিচিতি পাওয়া যায়। যোগাযোগ বেড়ে যায়। সে ক্ষেত্রে একজন খেলোয়াড় ১০ থেকে ১২ বছর এই পেশায় থাকতে পারেন। সুতরাং বর্তমান সময়ে একজন ফুটবলার আর্থিকভাবে স্বাবলম্বী জীবনযাপন করতে পারেন। কথাবন্ধু: বর্তমানে অনেক মা-বাবা তাঁদের ছেলেমেয়েদের ক্রিকেটকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করেন। সেই তুলনায় ফুটবল পিছিয়ে আছে কেন? ইমতিয়াজ সুলতান জনি: মেয়েরা ক্রিকেটের দিক থেকে এখন অনেক এগিয়ে গেছে। ক্রিকেটে অনেক বেশি অর্থের ব্যাপার রয়েছে। এ ছাড়া এখন ক্রিকেট বেশ জনপ্রিয়। আমাদের দেশ ফুটবলে ধারাবাহিকতার অভাবে পিছিয়ে পড়েছে। তবে এখন যেভাবে ধারাবাহিকভাবে চলছে, ভবিষ্যতে এটি আরও এগিয়ে যাবে। আর মা-বাবাকে বলব, সুস্থ থাকার জন্য খেলাধুলা জরুরি। এ জন্য শিশুকাল থেকেই ফুটবল খেলানো উচিত। তাদের আগ্রহ তৈরি করা উচিত। অবশ্যই সেটি পড়ালেখার পাশাপাশি করতে হবে।কথাবন্ধু: বর্তমান প্রজন্ম যেন ফুটবলকে পেশা হিসেবে নেয়, সে ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ধরনের কার্যক্রম হাতে নিয়েছে?ইমতিয়াজ সুলতান জনি: ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেকগুলো কার্যক্রম চলছে। তিন থেকে চার বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়মিত লিগ আয়োজন করছে। এ ছাড়া স্কুলে ও জেলায় জেলায় ফুটবল খেলার প্রতিও আমরা এখন যথেষ্ট মনোযোগী। এ বছর প্রায় সাড়ে চার হাজার স্কুলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুলপর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করা খুব সহজ হবে বলে আমার মনে হয়।কথাবন্ধু: বাংলাদেশে ফুটবলকে পেশা হিসেবে নেওয়ার জন্য কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা রয়েছে কি?ইমতিয়াজ সুলতান জনি: অবশ্যই আছে। এ জন্য অনেকগুলো ক্লাব রয়েছে এবং ঢাকার বাইরেও অনেক কোচিংয়ের ব্যবস্থা আছে। এ জন্য কেউ যদি এটিকে পেশা হিসেবে নিতে চায়, তাহলে তাকে কাছাকাছি কারও কাছ থেকে যে ফুটবল শেখে বা ফুটবল সম্পর্কে জানে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রাথমিকভাবে ফুটবলের নিয়মকানুন জানা থাকলে এবং দক্ষ খেলোয়াড় হতে পারলে এ পেশায় সাফল্য আসবেই। শ্রোতাবন্ধু অর্পা (খুদেবার্তা থেকে): বাংলাদেশ জাতীয় ফুটবল দল কবে বিশ্বকাপ ফুটবল খেলবে?ইমতিয়াজ সুলতান জনি: আমরা কিন্তু বিশ্বকাপে খেলি, তবে সেটা বাছাইপর্বে। ফুটবলে মর্যাদার দিক থেকে আমরা সত্যিই অনেক পিছিয়ে। ফুটবলের র্যাঙ্কিংয়ে ওপরে ওঠা অনেক কঠিন। যারা বিশ্বের জনপ্রিয় দল, যারা র্যাঙ্কিংয়ের প্রথম দিকে রয়েছে, সেই দেশগুলো খেলোয়াড়দের অনেক ধরনের সুযোগ-সুবিধা দেয়। সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তবে আমি আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল আরও অনেক এগিয়ে যাবে। কথাবন্ধু: ফুটবলার হওয়ার ক্ষেত্রে কোনটা বেশি জরুরি, প্রতিভা নাকি পরিশ্রম?ইমতিয়াজ সুলতান জনি: দুটোই প্রয়োজন। প্রতিভা হচ্ছে প্রাকৃতিক। আর পরিশ্রম করলে কিন্তু প্রতিভা বিকশিত হয়। এ জন্য নিজস্ব দক্ষতা বাড়িয়ে তুলতে হবে।কথাবন্ধু: উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ফুটবল সংস্কৃতির পার্থক্য কোথায়? ইমতিয়াজ সুলতান জনি: উন্নত দেশগুলো আমাদের চেয়ে কিছুটা এগিয়ে। খেলোয়াড়দের জন্য সেসব দেশে সরকারি সুযোগ-সুবিধাও বেশি। আর আমাদের দেশে ফুটবল খেলার জন্য পর্যাপ্ত মাঠও নেই। মাঠের সংখ্যা খুবই কম। উন্নত দেশের তুলনায় আমাদের সেই সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ জন্য ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে সরকারি সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। কথাবন্ধু: মা-বাবারা যেন সন্তানদের ফুটবলার হতে উৎসাহ দেন, সে ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?ইমতিয়াজ সুলতান জনি: খেলাধুলার জন্য সন্তানদের দ্বার খুলে দেওয়া উচিত। মা-বাবাকে এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি সন্তানদের আগ্রহী করে তুলতে হবে। এরপর শিশুটি যদি ফুটবলকে পেশা হিসেবে নিতে চায়, সে ক্ষেত্রে মা-বাবার উচিত, সন্তানকে উৎসাহিত করা। এ জন্য শুরু থেকেই বল নিয়ে মাঠে যেতে হবে। খেলা শুরু করতে হবে। ধীরে ধীরে এর নিয়মকানুন শিখে এগিয়ে যেতে হবে।গ্রন্থনা: সুদীপ দে