জাতীয় অ্যাথলেটিকসে সোনাজয়ী আমির আলীদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। ওরা ঝলসে ওঠে, কিন্তু আমরাই মুখ ফিরিয়ে নিই। দরিদ্রতর জীবনের পোড় খাওয়া নিয়ে রচিত উপাখ্যানগুলোতে স্বপ্নময় আঁচড় কাটা হয়। অনেক হিসাব-নিকাশ করার পরও আমাদের নেতিবাচক চিন্তাই মগজকে অবরুদ্ধ রাখে। কারণ, দ্বন্দ্বে থাকি, আমির আলীরা টিকে থাকবে তো? অতীতে আমরা অ্যাথলেটিকসে অনেক সম্ভাবনাময় তারকা দেখেছি। জ্বলে ওঠার পরক্ষণেই নিভে যেতে দেখেছি। সাঁতার, বক্সিং, গলফ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবাসহ আরও অনেক ক্ষেত্রে জ্বলে ওঠা মুখগুলো বর্তমান প্রজন্ম আর পাচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক খেলাধুলা পরিচালনায় নিয়োজিত প্রশিক্ষকদের ঐকান্তিক আগ্রহ থেকে তৈরি হওয়া কৃতী মুখগুলোর পরিচর্ষা মাঠপর্যায়ে যা-ই থাকুক না কেন, জাতীয় পর্যায়ে তা খুবই করুণ। কালেভদ্রে যদিও আমির আলীরা মাটি কামড়ে উঠে আসে, কিন্তু জাতীয় পর্যায়ে তাদের যথাযথ পরিচর্যা হয় না। উল্টো সামান্য কোনো ছুতো পেলে তাতে চলে রাজনৈতিক রং লেপনের অপপ্রয়াস। এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডই বিগত দিনে খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে অবরুদ্ধ করেছে।আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আবেগজনিত বিবৃতিতে সংবাদমাধ্যমকে অলংকৃত করার চেয়ে প্রকৃত খেলোয়াড়দের যথার্থ পৃষ্ঠপোষকতার মাধ্যমে তুলে এনে ধরে রাখা হবে কি না। আমির আলীরা যখন ঝলসে ওঠে, তখন আমাদের স্তুতিবাক্য ফেনিয়ে ওঠে। কিন্তু আবেগের বুদবুদ তোলা নয়, সঠিক দিকনির্দেশনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমির আলীদের পরিচর্যা করাটাই জরুরি। সেটাই হবে দেশ-জাতির জন্য মঙ্গল।মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।