খেয়াযান আটলান্টিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বশেষ খেয়াযান এই আটলান্টিস।  এই খেয়াযানের অফিশিয়াল নাম হচ্ছে ‘ওভি-১০৪ আটলান্টিস’। প্রথম মহাকাশে যাত্রা করে ১৯৮৫ সালের অক্টোবরে। ৩৭.২ মিটার উচ্চতার এই মহাকাশযানের ওজন ৮০ টনের বেশি। সর্বশেষ মিশনে এ যানটি ১৩ দিন মহাকাশে অবস্থান করে। খেয়াযানটি ১৪টি স্যাটেলাইট স্থাপনে ব্যবহার করা হয়। নাসার ৩৩টি মহাকাশ মিশনে সফলভাবে এই খেয়াযান অংশগ্রহণ করে। মহাকাশে সর্বমোট ৩০৬ দিন ১২ ঘণ্টা ১২ মিনিট অবস্থান করেছিল। তুলনামূলক হালকা ওজনের এই খেয়াযান ১২ কোটি মাইলের বেশি পথে চার হাজার ৮৮৪ বার পৃথিবী প্রদক্ষিণ করে।  খেয়াযানটি বিভিন্ন মিশনে সর্বমোট ১৫৫ জন নভোচারী বহন করে। ১৯৮৯ সালে শুক্র ও বৃহস্পতি গ্রহ গবেষণায় অনুসন্ধান যান ‘ম্যাগিলান’ ও ‘গ্যালিলিও’ উৎক্ষেপণে খেয়াযান আটলান্টিস ব্যবহার করা হয়।  নাসার এই মহাকাশযানের মিশন শেষ করার কারণে প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাবেন এবং নাসার বাজেটে ১.৯ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। এই মিশন সমাপ্তির কারণে ২০১৫ সাল পর্যন্ত নাসা তার নিজস্ব খেয়াযানের পরিবর্তে রাশিয়ান খেয়াযান সয়ুজ ভাড়ায় ব্যবহার করবে।