খোঁজা হলো দুর্লভ পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের উদ্যোগে গত ডিসেম্বর-ফেব্রুয়ারি (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত কয়েক কিস্তিতে দেশের কয়েকটি স্পটে দুর্লভ পাখির অনুসন্ধান ও পাখি জরিপ কার্যক্রম চালানো হয়। পিরোজপুর, পটুয়াখালী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট-ফকিরহাটের বিখ্যাত ‘উত্তরের হাওর’—এই অনুসন্ধান ও জরিপের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান ড. আ ন ম আমিনুর রহমান, হাতি বিশেষজ্ঞ, ড. মহসিনুজ্জামান চৌধুরী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খান। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা পাওয়া যায় এক দলে ১৬টি ধূসর মাথা হট্টিটির (গ্রে-হেডেড ল্যাপউইং)। ফকিরহাটের উত্তরের হাওরের বিল কোদালিয়ায় এদের পাওয়া যায় এক দলে ১১টি। এরা শীতের পরিযায়ী পাখি। বিল কেন্দুয়ায় একটি পাখিকে দড়ির ফাঁস-ফাঁদে আটকে থাকতে দেখে অনুসন্ধানী দল ওটিকে মুক্ত করে ও উড়িয়ে দেয় আকাশে।উল্লেখ্য, এই মৌসুমে (২০১০-১১) ওয়াইল্ড লাইফ ক্লাবের সদস্যরা বাগেরহাট-ফকিরহাট প্রশাসনের সহযোগিতায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠপর্যায়ের অপারেশনে একাধিকবার পাখি বিক্রেতাদের পাখি বিক্রি বন্ধ করেন ও আটজন পাখি বিক্রেতাকে আইনের হাতে সোপর্দ করেন। এ ছাড়া ওয়াইল্ড লাইফ ক্লাবের স্থানীয় প্রায় ৪০ জন সদস্য এ ব্যাপারে সক্রিয় রয়েছেন। অনুসন্ধান জরিপে দুর্লভ পাখি উত্তরের হাওরেই নজরে পড়েছে বেশি। ওখানেই দেখা গেছে ছয় জোড়া বজ্রমুড়ি হাঁস (রেড ক্রেসটেড পোচার্ড), ১৯টি সোনাদিঘেড়ি হাঁস (কমন টেল), মানিকজোড় হাঁস (রেড্ডি শেলডাক) সাতটি, রাজেশ্বরী হাঁস, (কমন শেলডাক) ১৫টি, বেয়ারের হাঁস (বেয়ারস পোচার্ড) নয়টি, কালিবক (ব্ল্যাক বিটার্ন) ১৬টি, বাজকুড়োল (পেলাস ফিশ ইগল) তিনটি, বনচড়ুই (ইউরেশন ট্রি স্পেরো) এক দলে সাতটি, একটি মদনটাক ও একজোড়া ধূসর রাজহাঁস দেখতে পান। এ ছাড়া ধূসর বক, চারটি হাঁস, মনিরা হাঁস, চড়ুই হাঁস, ধলবদনী, ছোট নাগরবাটই, শামুকভাঙা দেখা যায়। পাখি জরিপে সহায়তা করেন শিপলু খান, শামীম খান, তানভীর খানসহ ৪০ জন সদস্য।ধূসর মাথা হট্টিটি ও বেয়ারের হাঁস প্রতি মৌসুমেই আসে উত্তরের হাওরে। এ দুটির স্থানীয় নাম টিটি চ্যাগা ও রাঙা দিঘেড়ি। ফকিরহাট-বাগেরহাট এলাকায় প্রতি মৌসুমে প্রচুর পাখি ফাঁদ পেতে ধরে বাজারে বিক্রি করা হয়। দেশের অন্যত্রও একই অবস্থা। এই প্রবণতা ঠেকাতে সামাজিক আন্দোলন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রশাসনিক সহায়তা ও বন্য প্রাণী আইনের কঠোর প্রয়োগ। এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য দুর্লভ প্রজাতির প্রাণী রক্ষা করা সবারই দায়িত্ব।মো. ফারুক হোসেন