খোকনকে আগের মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন
হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজ বৃহস্পতিবার সকালে আটক বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গত ১৯ এপ্রিলের হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলায় পল্টন থানায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আগামী মঙ্গলবার (২২ মে) মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।আজ সকালে হরতাল চলাকালে নয়াপল্টন থেকে খোকনসহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে টানাহেঁচড়ায় আহত হয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু। সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকন ও অন্য দুজনকে জোর করে ভ্যানে তোলে পুলিশ। পুলিশ মিনুকে গাড়িতে তোলার চেষ্টা করলে তিনি রাস্তায় শুয়ে পড়েন। টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি আহত হন। পুলিশ কাউকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে দিচ্ছে না। কার্যালয়ের ভেতরে দলটির সাংসদেরা অবস্থান করছেন।এদিকে বিকেলের দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির দুজন নারী কর্মীকে পুলিশ আটক করেন।