খোকনকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নরসিংদীর সাবেক সাংসদ খায়রুল কবির খোকনকে আগামী রোববারের মধ্যে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামবে বিএনপি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেওয়া হয়।নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা খায়রুল কবির খোকনের মুক্তি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে বলছে এতে জনগণ ও রাষ্ট্রের উপকার হবে—এটা মিথ্যা কথা। বরং দাম বাড়িয়ে তারা মানুষের ভোগান্তি বাড়িয়েছে।মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী বলেছেন সিএনজির দাম ডিজেলের দামের সমান করা হবে। মন্ত্রীর এ ধরনের কথার কঠোর সমালোচনা করেন তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়বে। পাশাপাশি তা পরিবেশের জন্যও ক্ষতিকর হবে।খায়রুল কবির খোকনের গ্রেপ্তার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কেন তাঁকে আটক করা হয়েছে? আর কেনই-বা তাঁকে ছাড়া হচ্ছে না? লোকমান হত্যাকাণ্ডে মামলার বিষয়ে ঊর্ধ্বতন মহল থেকে কোনো চাপ দেওয়া হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘রাষ্ট্রের চাপ না থাকলে কেন স্থানীয় একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমন করতে যাবে? তা ছাড়া মামলায় তো খোকনের নাম নেই।’ মির্জা ফখরুল অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন, নইলে তাঁকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাবিব-উন নবী খান সোহেল।