খোকার ছুরিকাহতের খবর অস্বীকার পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের ৪১৭ নম্বর কেবিনে ভর্তি আছেন ঢাকা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।বিএনপি অভিযোগ করেছে, তাঁকে পুলিশ হেফাজতে ছুরিকাঘাত করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এমন কোনো তথ্য জানায়নি। এমনকি তাঁর শরীরে এখন পর্যন্ত কোনো সেলাইও দেওয়া হয়নি।খোকাকে বিকেল সোয়া তিনটার দিকে খোকাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সাবেক মেয়র খোকাকে ছুরি মারা হয়েছে। তিনি বলেন, এর প্রতিবাদে কাল সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করবে।তবে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার খুরশিদ হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, পুলিশ হেফাজতে ছুরিকাঘাত করার কোনো সুযোগ নেই। তবে কোনো ইটের আঘাতে তিনি সামান্য আহত হয়ে থাকতে পারেন।সাদেক হোসেন খোকার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, সাদেক হোসেনের বাঁ পায়ের ঊরুর ওপর ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। এখন তিনি ইউনাইটেড হাসপাতালের ৪১৭ নম্বর কক্ষে আছেন। মনির আরও জানান, আদালত প্রাঙ্গণ থেকে আটকের সময় পুলিশের উপস্থিতিতে খোকাকে ছুরিকাঘাত করা হয়। তাঁর পায়ে একটি আঘাত করা হয়েছে। আরও একটি আঘাত করতে গেলে খোকা তা হাত দিয়ে সরিয়ে দেন। তবে খোকার চিকিত্সক ইউনাইটেড হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন আবু সাঈদ এম এম রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে জানান, খোকা পায়ে কিছু আঘাত নিয়ে এসেছেন। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সাদেক হোসেন খোকাও বলতে পারেননি, কীভাবে তিনি এই আঘাত পেয়েছেন।খোকাকে কোনো সেলাই দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘এখনো তাঁকে কোনো সেলাই দেওয়া হয়নি।’