খোকার বিরুদ্ধে আজ অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় আজ বুধবার অভিযোগপত্র দেওয়া হবে। অভিযোগপত্রটি জমা দেওয়া হবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নূর হোসেন খান এ কথা জানান। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খোকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি মেয়র থাকার সময় আরও তিনজনের সঙ্গে যোগসাজশ করে মোট ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাত্ করেন। পরে মামলার বাদী হিসেবে দুদকের উপপরিচালক নূর হোসেন খানের নাম দেওয়া হয়। অন্য তিন আসামি হলেন: বনানীর ঢাকা সিটি করপোরেশন সুপার মার্কেট দোকানমালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও গাড়ি রাখার স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক।মামলার এজাহারে বলা হয়, এই চারজন পরস্পরের যোগসাজশে বনানীর ওই মার্কেটের ভূ-গর্ভস্থ অংশের গাড়ি রাখার স্থানের ইজারার অর্থ আত্মসাত্ করেন।দুদকের অনুসন্ধান অনুযায়ী, ডিসিসি কর্তৃপক্ষ বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের কার পার্কিং ইজারার বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশের সিদ্ধান্ত নেয়। তাতে সই করেন তত্কালীন মেয়র খোকা। ২০০৩ সালের ২০ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চারটি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দরদাতা (১১ লাখ টাকা) ছিলেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। কিন্তু দরপত্র বিবরণী তৈরির সময় প্রধান সম্পত্তি কর্মকর্তা সংশ্লিষ্ট নথিতে পার্কিং ইজারাসংক্রান্ত কার্যক্রম সাময়িক স্থগিত রাখার বিষয়ে মেয়রকে জানান। এরপর সাবেক মেয়র খোকা নিয়ম ভেঙে ওই গাড়ি রাখার জায়গা দোকানমালিক ও ব্যবসায়ী বহুমুখী সমিতির কাছে ভাড়া দেন। ওই ভাড়ার টাকা তিনি নিজেই ভোগ করেন। ইজারা বাতিল এবং এভাবে অবৈধ উপায়ে ভাড়া দেওয়ায় ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকার পাঁচ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে দোকানমালিক ও ব্যবসায়ী বহুমুখী সমিতি খোকার সাহায্যে দরপত্র-প্রক্রিয়া বাতিল ও গাড়ি পার্কিং ফি আদায় এবং গ্যারেজ ভাড়া দিয়ে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছে।দ্বিতীয় দফায় ডিসিসি কর্তৃপক্ষ আবার দরপত্র আহ্বান করে। এ পর্যায়ে ঠিকাদার মিজানুর রহমান বছরে এক লাখ ৮৫ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন। কিন্তু দোকানমালিক সমিতি আবারও আঁতাত করে দরপত্র-প্রক্রিয়া বাতিল করে। খোকাও আগের মতো ওই দোকানমালিক সমিতির কাছেই কার পার্কিং ভাড়া দেন। দ্বিতীয় দফায় ইজারা বাতিল করায় ২০০৮ সালের মার্চ থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত সরকার ১১ লাখ পাঁচ হাজার টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অনুসন্ধানে আরও রয়েছে, মুঠোফোন অপারেটর ওয়ারিদ টেলিকমের ৩০টি গাড়ির জন্য গ্যারেজ ভাড়ার জন্য ওয়ারিদ কর্তৃপক্ষের সঙ্গে প্রতিবছর ভাড়ার চুক্তিপত্র নবায়ন করেছে। ওই প্রতিষ্ঠান থেকে ভাড়া বাবদ দোকানমালিক সমিতি ২০০৭ সালের মে মাস থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ লাখ ১৪ হাজার ৯০০ টাকা নিয়েছে। আদায় করা এ টাকার কোনো অংশই ডিসিসির অনুকূলে জমা দেওয়া হয়নি। এভাবে সাবেক মেয়র খোকা আট বছরে ডিসিসির ইজারা বাবদ ১১ লাখ পাঁচ হাজার টাকা এবং ওয়ারিদ টেলিকম থেকে আদায় করা ২৬ লাখ ১৪ হাজার ৯০০ টাকার রাজস্ব ক্ষতি করেছেন। এভাবে অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে বলা হয়েছে। এর আগে ডিসিসির নিয়োগে দুর্নীতির অভিযোগে শাহবাগ থানা আরেকটি মামলা করে দুদক। গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান খোকা।