খোকার বিরুদ্ধে দুদকের ফের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক শাহবাগ থানায় এই মামলা করে।রাজধানীর মতিঝিল দিলকুশায় একটি ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে। মাত্র দেড় মাসের ব্যবধানে সাবেক মেয়রের বিরুদ্ধে আরেকটি মামলা করল দুদক।আজ বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় খোকাসহ সাতজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মামলা নম্বর ৪১, বিকেল সোয়া চারটায় এটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন বর্তমান ভূমি সংস্কার বোর্ডের সচিব ও সাবেক ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক, ডিসিসির ফেইস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সেহাবউল্লাহ, ডিসিসির অঞ্চল ১০-এর নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহম্মেদ, ডিসিসির অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী, ডিসিসির ফেইস প্রজেক্টের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান ও মেসার্স এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ৩৭ নম্বর দিলকুশায় একটি প্লটের (প্রায় ৩৭ কাঠা) ওপর বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য সরকারি সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসি বিনামূল্যে ডিসিসিকে হস্তান্তর করবে এবং ডিসিসির নিজস্ব অর্থায়নে ২৫ তলা ভবনের ৩০টি গাড়ি পার্কিং ও ভবনের দুটি ফ্লোর বিজেএমসির পাওয়ার কথা।কাজের প্রথম পর্যায়ে তিন তলা ভবন নির্মাণের জন্য বেজমেন্ট ও প্রথম ফ্লোর নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে মেসার্স এম আর ট্রেডিংকে কাজ দেওয়া হয়। কিন্তু কাজের বিভিন্ন পর্যায়ে ডিসিসির গাফিলতির কারণে মেসার্স এম আর ট্রেডিং অবৈধভাবে ৮২৭ কোটি টাকা লাভ করে। এ ছাড়া সুযোগ থাকা সত্ত্বেও মেসার্স এম আর ট্রেডিংয়ের করা রিট পিটিশনের যথাযথ আইনি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ডিসিসি। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানটির সঙ্গে খোকাসহ ডিসিসির ওই কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে নিজেদের আর্থিক উন্নয়ন করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে দুদক।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদক আরেকটি মামলা করে খোকা বিরুদ্ধে। তাতে খোকাসহ চারজনের বিরুদ্ধে বনানীতে সিটি করপোরেশন মার্কেটের কার পার্কিংয়ের স্থান ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই মামলায় ঢাকা মহানগর বিএনপির সভাপতি খোকা বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।মেয়াদ শেষের পরও দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান সাদেক হোসেন খোকা।