খোন্দকার দেলোয়ার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। গতকাল বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর।আজ বৃহস্পতিবার বিকেল চারটায় মরহুমের মরদেহ দেশে পৌঁছার কথা রয়েছে। রাজধানীর আরমানিটোলার নিজ বাসভবন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় সংসদসহ কয়েকটি স্থানে জানাজার পর মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।এদিকে খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পবিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সহজে তা পূরণ হওয়ার নয়।প্রবীণ এই নেতার মৃত্যুতে পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মানিকগঞ্জ জেলা বিএনপি পৃথকভাবে তিন দিনের শোক পালন করবে।মরহুমের ছেলে আবদুল হামিদ গণমাধ্যমকে জানান, গতকাল সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত মেডিকেল বোর্ড বসে। কিন্তু দুপুর পর্যন্ত চেষ্টা করেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।খোন্দকার দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া কিডনির জটিলতা, ডায়াবেটিস ও হূদরোগসহ আরও কিছু শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।জানাজা: বিএনপির সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা চারটায় খোন্দকার দেলোয়ারের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর আরমানিটোলার বাসায় নেওয়া হবে। সেখানে জানাজার পর মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। শুক্রবার সকাল নয়টায় মরদেহ নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। সকাল ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। এর পর মানিকগঞ্জে শেষ জানাজার পর তাঁকে পরিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।ন্যাপে শুরু, বিএনপিতে শেষ: ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে ১৯৫৭ সালে রাজনৈতিক জীবন শুরু করেন খোন্দকার দেলোয়ার হোসেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে সামনের সারির নেতা দেলোয়ার ন্যাপের প্রার্থী হিসেবে ১৯৭০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।খোন্দকার দেলোয়ার ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে তিনি সরকারি দলের চিফ হুইপ এবং সপ্তম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন।বহুল আলোচিত এক-এগারোর পটপরিবর্তনের পর দেশে জরুরি অবস্থা জারি হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩ সেপ্টেম্বর কারাবন্দী হওয়ার আগমুহূর্তে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ারকে মহাসচিব নিযুক্ত করেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের পর দেলোয়ারকে পুনরায় বিএনপির মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।জীবনের বড় অংশ রাজনীতিতে কাটালেও খোন্দকার দেলোয়ার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। তিনি সিলেটের এম সি কলেজের অর্থনীতির শিক্ষক ছিলেন। ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওরের পাচুরিয়ায় তাঁর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে অর্থনীতিতে বিএ অনার্সসহ এমএ পাস করেন। ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ব্যক্তিজীবনে এক মেয়ে ও তিন সন্তানের জনক তিনি।পাঁচ দিনের শোক: মহাসচিব খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আজ কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। কাল শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিভিন্ন মসজিদে দোয়া, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পরদিন শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল। আগামী রোববার বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে দলের পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হবে। ২১ মার্চ সোমবার প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আজ থেকে শোকবই খোলা হচ্ছে।