খোন্দকার দেলোয়ার সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।গতকাল শনিবার বিকেলে গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়ায় পারিবারিক কবরস্থানে প্রবীণ এই নেতার মরদেহ দাফন করা হয়। এর আগে বেলা সোয়া ১১টায় এই রাজনীতিবিদের কফিন বারডেম হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সযোগে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আনা হয়। এখানে তাঁর জানাজা হয়। জানাজায় স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ জাহিদ মালেক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ, রুহুল কবির রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বেলা দুইটায় ঘিওর সরকারি কলেজ মাঠে এবং সর্বশেষ মরহুমের গ্রামের বাড়ি খিরাই পাচুরিয়ায় জানাজা হয়। এরপর শেষ জানাজার পর এই নেতার কফিনে গ্রামবাসী শেষ শ্রদ্ধা জানায়। বিকেল চারটায় পাচুরিয়া জামে মসজিদের পাশে সাহারা গার্ডেনে এই নেতাকে সমাহিত করা হয়।খোন্দকার দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর দুই দিনে সংসদ ভবন, হাইকোর্টসহ পাঁচটি স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।