শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলা
খোন্দকার দেলোয়ারসহ বিএনপির ৩ নেতার বিরুদ্ধে সমন জারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী এ মামলা করেন। মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক মামলাটি গ্রহণ করে আগামী ২৫ আগস্ট আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।আজ সকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করা হলেও মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের কোনো উপাদান না থাকায় আদালত দণ্ডবিধির ৫০৬ ধারার অভিযোগ আমলে নেন। এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক বাদীর জবানবন্দী নেন। বাদী আদালতকে বলেন, আসামিরা গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে শেখ হাসিনাকে উদ্দেশ করে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, ‘আপনার (শেখ হাসিনা) বাবার যে পরিণতি হয়েছে, আপনারও সেই পরিণতি হতে পারে।’ এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। মামলার আর্জিতে বলা হয়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার নির্বাচনে পরাজয়ের পর থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ কারণে তিনি ন্যায়বিচার চেয়ে আদালতে এ মামলা দায়ের করেন। আদালত আদেশে উল্লেখ করেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে কোন অনুমতি নেওয়া হয়নি। তবে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার উপাদান আছে। তাই হত্যার হুমকির অপরাধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়।