খোন্দকার দেলোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার বাদ এশা পুরান ঢাকার আরমানিটোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।১০ হাজারের অধিক মানুষ এই জানাজায় অংশ নেন। জানাজার পর তাঁর মরদেহ বারডেম হাসপাতালে রাখা হয়েছে।সন্ধ্যা সোয়া সাতটায় খোন্দকার দেলোয়ারের মরদেহ তাঁর আরমানিটোলার বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী সাহেরা হোসেনসহ স্বজনেরা মরদেহ দেখেন।এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে খোন্দকার দেলোয়ারের আরমানিটোলার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।কাল শুক্রবার সকাল নয়টায় তাঁর মরদেহ জনগণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানা গেছে।খোন্দকার দেলোয়ারের দ্বিতীয় জানাজা সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, তৃতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, চতুর্থ জানাজা জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে এবং পঞ্চম জানাজা আসর নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।পরে মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে খিরাই পাচুরিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছে। বিকেল চারটা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাঁর মরদেহ আনা হয়। গতকাল বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। ইউএনবি।