খোন্দকার দেলোয়ারের মরদেহ ঢাকায় পৌঁছেছে
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। বিকেল চারটা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাঁর মরদেহ আনা হয়। গতকাল বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।বিমানবন্দর থেকে খোন্দকার দেলোয়ারের মরদেহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের চেয়ারপারসনসহ অন্য নেতা-কর্মীরা খোন্দকার দেলোয়ারের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করেন। এর আগে খোন্দকার দেলোয়ারের কফিন বিএনপির দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।সেখান থেকে মরদেহ রাজধানীর আরমানিটোলার তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর। কাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাসহ কয়েকটি স্থানে জানাজার পর মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।খোন্দকার দেলোয়ারকে উন্নত চিকিত্সার জন্য ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া কিডনির জটিলতা, ডায়াবেটিস, হূদরোগসহ দীর্ঘদিন ধরে আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।মহাসচিব খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে পাঁচ দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে আজ কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আজ থেকে শোকবই খোলা হয়েছে।