খোলা আকাশের নিচে রাত কাটাবে আগারগাঁও বস্তিবাসী
রাজধানীর আগারগাঁও বস্তিতে টিন-বেড়ার একটি ঘরে থাকতেন খোদেজা খাতুন ও তাঁর স্বামী আবদুল মোমিন। প্রতিদিনের মতো আজ সকালেও দিনমজুরের কাজের জন্য বাণিজ্য মেলার মাঠে চলে যান তাঁরা দুজন। কিন্তু দুপুর না গড়াতেই এল আগুন লাগার খবর। আর তাতে যেন আকাশ ভেঙে মাথায় পড়ল তাঁদের। আগুনের লেলিহান শিখায় ডোবা আর কাদামাটির ওপর দাঁড়ানো পঞ্চাশোর্ধ্ব খোদেজার ছোট্ট ঘরটি ছাই হয়ে গেছে। ঘরের কিছুই টিকে থাকেনি তাঁর। তাই খানিকটা দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন খোদেজা আর অন্যের সঙ্গে কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন অনবরত। তবুও চোখের জল থামাতে পারছেন না। স্বামী কোথায় আছেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘এখানে আইস্যা আর কি করত? সব তো শেষ! তিনায় কাম না করলে তো আজ টাকাও পাইত না।’ খোদেজা আরও বলেন, আজ সকালে মেলার মাঠে কেবল ভাত রান্না করছিলেন তিনি। এমন সময়ই আগুন লাগার খবর পান। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলকে তাকিয়ে নিজের ঘরটি পুড়ে যেতে দেখতে হয়েছে খোদেজাকে। তিনি আরও বলেন, ঘরে এক হাজার টাকা রাখা ছিল। সেটি দিয়ে গেল মাসের ভাড়ার টাকা শোধ করার কথা ছিল তাঁর। খোদেজার মতো একই অবস্থা হয়েছে বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা আগারগাঁও বস্তির প্রায় দুই হাজার পরিবারের, যেখানে জীর্ণ ছোট্ট ছোট্ট ঘরে নিম্ন আয়ের প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। একই অবস্থা বজলুল হকের। কয়েক স্বজনকে নিয়ে তিনি বাস করছেন প্রায় বছর দুয়েক ধরে। বজলুল বলেন, একেকটি ঘর দৈর্ঘ্যে ছয় ফুট আর চার ফুট। যাঁদের কাছ থেকে এগুলো ভাড়া নেওয়া, তাঁরাই এগুলো তৈরি করে দেন। এমনি প্রায় হাজার দুয়েক ঘর নিয়েই গড়ে উঠেছে আগারগাঁও বস্তি। স্থানটির প্রবেশমুখে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নামে বিশাল একটি নামফলক টানানো আছে। বজলুল আরও বলেন, ভেতরের একটি ঘরের ভাড়া এক হাজার টাকা। বিদ্যুতের সংযোগও আছে। তবে এর জন্য কোনো বাড়তি পয়সা গুনতে হয় না। বস্তির বাইরের দিকে ঘরের ভাড়া দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে বাড়িওয়ালারা এই জায়গা প্রকৃত মালিক কি না—এ প্রশ্নের জবাবে দুঃখের মাঝে এক চিলতে হাসি ছুড়ে দেন বজলুল। এরপর ব্যস্ত হয়ে পড়েন প্রায় হাঁটু ডোবানো পানির মধ্যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে। বস্তির একেবারে পাশে থাকা ফাঁকা জায়গার এক নিরাপত্তা প্রহরী রশিদ মিয়া বলেন, ‘আমাদের এই জায়গায় যদি ঘর থাকত, তাহলে আগুন আশপাশের পাকা ভবনগুলোয় ছড়িয়ে যেত।’ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে জানিয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভরতচন্দ্র বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের নয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ তবে বেলা তিনটা পর্যন্ত বস্তিতে কোনো সাহায্যের আশ্বাস পৌঁছায়নি। তাই আগারগাঁও বস্তির হাজারো মানুষকে আজকের রাত খোলা আকাশের নিচেই কাটাতে হবে।