খোলা আকাশের নিচে রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের কুয়াশাঘেরা আকাশ। তবু সন্ধ্যা নামতেই ছাদের ওপরে জ্বেলে দেওয়া হয়েছে বেশ কিছু বাতি। পাশেই টবে সবুজ গাছ। নানা ধরনের চেয়ারের মাঝে বাঁশ আর কাঠের বেঞ্চ ঠিকই জায়গা করে নিয়েছে। মৃদু তালে বাজছে গান। এরই মধ্যে ফরমায়েশ দিয়ে খাবার খেতে পারেন। এমন ব্যবস্থাই করেছে ধানমন্ডি ১৫ নম্বরসংলগ্ন স্কাই শেফ রেস্তোরাঁ। নগরে যারা বদ্ধ জায়গায় বসে এবং খেয়ে অভ্যস্ত তাদের জন্য আমেজের ভিন্নতা আনতেই এমন ব্যবস্থা। খাওয়ার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আকাশ দেখার সুযোগ মেলে এখানে।স্কাই শেফের ব্যবস্থাপক আসিফ রায়হান জানান, থাই, চায়নিজ, ভারতীয় খাবারসহ দেশি খাবারের ব্যবস্থা আছে এখানে। তবে যে দেশি খাবারই হোক না কেন, খোলা জায়গায় বসে খেতেই পছন্দ করেন সবাই। যেকোনো খাবার খেতে হলে হাতে কিছুটা সময় রেখেই ফরমায়েশ দিতে হয়। কাবাব আর গ্রিলের পদটাই বেশি চলে এখানে। বিরিয়ানির আছে নানা পদ। কাশ্মীরি বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানির স্বাদ নিতে পারবেন এখানেই। তবে হালকা খাবার খেতে চাইলে মিক্স চাউমিন, পাকোড়া, ফ্রাইড প্রম্পেট ফরমায়েশ করতে পারেন। আর খাবার শেষে মিষ্টিমুখ না করলে কি চলে? আছে নানা পদের ডেজাট। স্কাই শেফ থেকে যেকোনো খাবার খেতে পারবেন ২০০-৮০০ টাকার মধ্যে।ধানমন্ডি ২৭ নম্বর সড়কের লেকের পাশেই খোলা আকাশের নিচে জমে উঠেছে ‘সাম্পান’ রেস্তোরাঁ। একেবারেই লেকের জলের ওপর সাম্পানের স্থাপত্য। তাই হঠাৎ করেই মনে হতে পারে এটা বুঝি দরিয়ার সাম্পান। সাম্পানে খুব বেশি চলে চিকেন ললিপপ। টক আর মিষ্টি স্বাদের চিকেন ললিপপের স্বাদ অন্য যেকোনো মাংসের খাবারের চেয়ে আলাদা। এ ছাড়া আছে বিশেষ ফালুদা। নামের মতো এই ফালুদার স্বাদ আর পরিবেশনও ভিন্ন। স্বচ্ছ পাত্রের বাইরে থেকেই লাল-কমলা রঙের ফালুদা দারুণ আকৃষ্ট করে নিয়মিত খেতে আসা আরাফ রহমানকে। এ ছাড়া যেকোনো মসলাজাতীয় খাবারই পরিবেশন করা হয় ছোট নান্দনিক কড়াইয়ের পাত্রে। আর মসলাদার খাবারের সঙ্গে ফরমায়েশ অনুযায়ী খেতে পারেন নানরুটি, হাতে বানানো রুটি আর পরোটা। জানালেন সাম্পানের ফ্লোর সুপারভাইজার মোহাম্মাদ মাহফুজ। তবে খোলা আকাশের নিচে ছাড়া ঘরের ভেতরেও খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানেই দুপুরের খাবারের ব্যবস্থা থাকে। মূলত বিকেল থেকে রাত অবধি খোলা আকাশের নিচে খাবারের ব্যবস্থা। সাম্পান থেকে যেকোনো খাবার খেতে পারবেন ৪০ থেকে ২৫০ টাকার মধ্যে।একই সড়কের কাছে খোলা আকাশের নিচে খাবারের ব্যবস্থা আছে বারবিকিউ টু নাইট রেস্তোরাঁয়। পাকিস্তানি খাবারের স্বাদ নিতে চাইলে নির্দ্বিধায় চলে যেতে পারেন এখানে। স্পেশাল আইটেমের মধ্যে মাটন লেগ বারবিকিউ, হাঁস ভুনা, বিফ চপ আর খিরি কাবাব তো রয়েছেই। এখান থেকে খাওয়া যাবে ৯০ থেকে ১৮০০ টাকার মধ্যে।বনানী ১১ নম্বর সড়কেই প্লাটিনাম সুইট রেস্তোরাঁ। প্লাটিনাম নামটা শুনলে অনেকেই ভেবে বসবেন, এটা হয়তো মিষ্টির দোকান। তাদের উদ্দেশ্যেই বলা, প্লাটিনাম সুইট কোনো মিষ্টির দোকান নয়। এখানে আছে খোলা আকাশের নিচে লাইভ মিউজিকের সঙ্গে খাবারের ব্যবস্থা। বারবিকিউ আর গ্রিল আইটেম। বিপণনের জ্যেষ্ঠ নির্বাহী বিশ্বজিৎ সাহা জানান, বারবিকিউ আর গ্রিলের পদ সপ্তাহের সাত দিনই থাকে। তবে শুক্রবার বুফে খাবারের ব্যবস্থা রয়েছে। প্লাটিনাম সুইটে খেতে পারবেন ২৯০ থেকে ৯৫০ টাকার মধ্যে।সুনসান পরিবেশে খোলা আকাশের নিচে খেতে চাইলে যেতে পারেন গুলশান-১-এর রেড শিফট রেস্তোরাঁয়ও।