খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা ট্রাকে করে কম দামে চার পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সয়াবিন তেল, চিনি, ছোলা ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে।টিসিবি দাবি করেছে, রাজধানী ঢাকার ২৫টি ও চট্টগ্রামের পাঁচটি এবং অন্য বিভাগগুলোর দুটি করে স্থানে ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে।খোলা ট্রাকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ ও বোতলজাত তেল ১২১, প্রতি কেজি চিনি ৫০, ছোলা ৬৬ এবং মসুর ডাল (নেপালি) ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানায় টিসিবি।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, রমজান উপলক্ষে টিসিবি পাঁচটি পণ্য বিক্রির উদ্যোগ নিলেও ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রমে খেজুর বিক্রি হচ্ছে না। খেজুর ডিলাররা বিক্রি করবে। প্রতি ট্রাকে দুই থেকে আড়াই হাজার কেজি পণ্য থাকবে। ক্রেতারা চাইলে যেকোনো একটি কিংবা একাধিক পণ্য কিনতে পারবে। একটি কিনলে আরেকটি কিনতে হবে—এমন বাধ্যবাধকতা থাকবে না।ডিলারদের দেওয়া হবে পাঁচ পণ্য: পবিত্র রমজান সামনে রেখে টিসিবি সারা দেশে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর—এই পাঁচ ধরনের পণ্য বিক্রি করবে। আগামী সোম কিংবা মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানের ডিলারদের এসব পণ্য দেওয়া হতে পারে।মানুষের কাছে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ ও বোতলজাত তেল ১২১, প্রতি কেজি চিনি ৫০, ছোলা ৬৬, মসুর ডাল (নেপালি) ৭০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রির জন্য ডিলারদের পণ্য দেবে টিসিবি। সারা দেশে টিসিবির ডিলার আছে দুই হাজার ৯৫২ জন।রমজান উপলক্ষে তিন কিস্তিতে ডিলারদের পণ্য দেওয়ার পরিকল্পনা রয়েছে টিসিবির। সোম কিংবা মঙ্গলবার প্রথম কিস্তি, রোজার শুরুতে দ্বিতীয় এবং ২০ রোজার মধ্যে তৃতীয় কিস্তি দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ২০ রোজার পর আরেক কিস্তিতে পণ্য দেওয়া হতে পারে।জানা গেছে, প্রতি কিস্তিতে একজন ডিলারকে পাঁচ টন চিনি, ৬০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ কেজি মসুর ডাল (নেপালি), এক টন ছোলা ও ২৫০ কেজি করে খেজুর দেওয়া হবে।সূত্র জানায়, সয়াবিন তেল ও চিনি স্থানীয়ভাবে সংগ্রহ করে ডিলারদের দেওয়া হচ্ছে। এবার সয়াবিন তেল সংগ্রহ করা হয়েছে এস আলম ও ইলিয়াস ব্রাদার্স থেকে। আর বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) ও কয়েকজন আমদানিকারকের কাছ থেকে কেনা হয়েছে চিনি।জানতে চাইলে টিসিবির প্রধান কর্মকর্তা (বাণিজ্যিক) ও উপসচিব মো. তরিকুল আলম বলেন, গত বছরের চেয়ে এবার টিসিবির প্রস্তুতি ভালো। আমদানি করা প্রায় সব পণ্য চলে এসেছে। অস্ট্রেলিয়া থেকে ছোলা, নেপাল থেকে মসুর ডাল এবং দুবাই থেকে খেজুর আমদানি করা হয়েছে।ঢাকায় কোথায় পাওয়া যাবে: যেসব স্থানে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনা যাবে সেগুলো হলো: সচিবালয়ের গেট, জাতীয় প্রেসক্লাবের সামনে, শান্তিনগর বাজার, নয়াবাজার, দয়াগঞ্জ বাজার, পলাশী বাজার, মালিবাগ বাজার, ভাষানটেক, নিউমার্কেট, কাপ্তান বাজার, শাহ আলী মার্কেট, আগারগাঁও তালতলা, বাসাবো বাজার, মোহাম্মদপুর টাউন হল, নাখালপাড়া, ধূপখোলা, শেওড়াপাড়া, কচুক্ষেত, মহাখালী কাঁচাবাজার, মিরপুর গোলচত্বর, রায়েরবাজার, মগবাজার, এজিবি কলোনি, রূপনগর টিনশেড, কাজীপাড়া, শাহজাহানপুর রেলওয়ে কলোনি ও বাংলাদেশ ব্যাংকের সামনে।