খোলা মাঠের পাঠশালা
‘আমি এক থেইক্যা ৪০ পর্যন্ত পারি’ চোখে-মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে বলছিল রিমা নামের মেয়েটি। চার বছরের রিমার সামনের একটা দাঁত কয়েক দিন আগেই পড়েছে। ফোকলা দাঁতের মেয়েটির সঙ্গে খাতির জমানোর ইচ্ছাটা বাদ দিতে হলো পাশের জনের চিৎকারে। ‘আমি ৬০ পর্যন্ত গুনতে পারি।’ বলে রিমার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি দিল জুয়েল নামের ছেলেটি। জুয়েলের না-মাজা হলদে দাঁতের হাসিটা দেখে মন ভরে যায়। যদিও তার শার্টের সব কটি বোতামই ছেঁড়া। ছোট এ বাচ্চাগুলো জানে না শিক্ষার্থীর অর্থ কী। তারা এও জানে না যে লেখাপড়া কেন শিখতে হয়, তাদের মা-বাবাও ক্ষুধা আর দারিদ্র্যের কাছে জলাঞ্জলি দিয়েছেন সন্তানদের মানুষ করার স্বপ্ন। উত্তরার বালুরমাঠ আর ফুলবাড়িয়া বস্তিতে বেড়ে ওঠা এ শিশুদের মিলনমেলা ‘বালুরমাঠ শিক্ষালয়’। বালুরমাঠ শিক্ষালয় প্রাতিষ্ঠানিক কোনো স্কুলের নাম নয়। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে কোনো দাতব্যপ্রতিষ্ঠান পরিচালিত স্কুলও নয় এটি। উত্তরার ১২ নম্বর সেক্টর পেরিয়ে ফুলবাড়িয়া ইউনিয়ন। অভিজাত এলাকার পাশেই দিন-আনা আর দিন-খাওয়া মানুষের বসবাস। তাদের ধারে-কাছে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। স্কুলের বাচ্চারা যেসব স্কুলে প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকা শেখে, সেসব স্কুলের ধার দিয়ে অবশ্য বালুরমাঠ বিদ্যালয়ের বাচ্চারাও যায়। তবে পড়তে নয় কাগজ কুড়াতে, কেউ আবার যায় পানির বোতল কুড়াতে। এ বিদ্যানিকেতনের যারা বিদ্যার্থী, তাদের অনেকেই সকালে কারও বাসায় শিশুর দেখভাল করে আর বিকেলে পড়তে আসে। কেউ আবার সকালেই পড়ালেখার পাট চুকিয়ে বিকেলে চলে যায় ওয়েল্ডিংয়ের দোকানে কাজ শিখতে। অবহেলিত এ শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে, তাদের হাতে বই-স্লেট-চক তুলে দিয়েছেন যিনি, তাঁর নাম ড. আবদুর রহমান। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শিক্ষকতাকেই নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক তাঁর ১০-১২ জন অনুরাগী শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সকাল-সন্ধ্যা দুই বেলা ক্লাস নেন বালুরমাঠ শিক্ষালয়ে।শিক্ষালয়টিতে শ্রেণীকক্ষের বালাই নেই। মাঠে বসেই চলছে কচি-কাঁচাদের পড়ালেখার আসর। বাড়ি থেকে নিয়ে আসা চটের বস্তাতেই বসার ব্যবস্থা। কারও আবার সে খেয়ালও নেই। ঘাসের ওপরেই বই বিছিয়ে একমনে চলছে পড়ালেখা। পাঠশালাটির শুরুর কথা বলতে গিয়ে ড. আবদুর রহমান বলেন, একদিন বিকেলে বস্তির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কমল নামের একটি ছেলের সঙ্গে তাঁর কথা হয়। সে পড়তে পারে কি না জানতে চইলে কমল মাথা নেড়ে ‘না’ জানায়। কমলের বাড়িতে গিয়ে মেলে তার মা-বাবার সরল স্বীকারোক্তি, ‘ঠিকমতো দুইবেলা খাওয়াতেই পারি না, স্কুলে পাঠাব কীভাবে?’ সেই বিকেলেই তিনি বস্তির আরও কয়েক বাড়িতে গিয়ে কথা বলে দেখেন সবার অবস্থা প্রায় একই রকম। তখন এ শিশুদের মধ্যকার জানার ক্ষুধা জাগাতে গত বছরের ২৭ ডিসেম্বর চালু করা হয় এ পাঠশালাটি। উদয় ভট্টাচার্য নামের এখানকার এক শিক্ষক বলেন, ‘মজার বিষয় হলো, প্রথম দিনেই আমাদের এখানে পড়তে আসে ৪১ জন। প্রায় এক সপ্তাহের মাথায় শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২০০-এর বেশি।’ বর্তমানে সকাল-বিকেল মিলিয়ে তাঁদের মোট ছাত্রছাত্রী ২১৮ জন।বস্তির ছেলেমেয়েদের জন্য স্কুল খুলতে এসে প্রথম দিকে অনেকেই মুখ চাওয়াচাওয়ি করত। কোনো এনজিওর পক্ষ থেকে স্কুল করা হচ্ছে কি না, এই প্রশ্নও করতেন অনেকে বলে জানান ড. রহমান। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলটি চালু করার পর স্থানীয় ছেলেমেয়েরা বেশ উৎসাহ নিয়েই আসা-যাওয়া করছে। বালুরমাঠের বাসিন্দা আবদুল কাদেরের মেয়ে প্রথম দিন থেকেই এ বিদ্যালয়ে আসে জানিয়ে তিনি বলেন, ‘আমার মেয়ে এখন নিজের নাম বানান করে লিখতে পারে। আবার এক, দুইও গুনতে পারে।’ বালুরমাঠ বস্তির আরেক বর্ষীয়ান বাসিন্দা কুলসুম বলেন, ‘আমাগো চারোজন একলগে ইহানে পড়তে আহে।’ এত দিন খোলা মাঠে ক্লাস নিলেও বর্ষা মৌসুমে যাতে বাচ্চাদের কষ্ট না হয়, সে জন্য দুই হাজার ৪০০ টাকা দিয়ে একটা চাটাইয়ের ঘর ভাড়া নিয়েছেন শিক্ষালয়ের শিক্ষকেরা, তবে ছোট্ট এ ঘরের মেঝেতে সর্বোচ্চ ২৫-৩০ জন একত্রে বসতে পারে। বাকিদের ক্লাস চলে তুরাগ খালের পারে খোলা আকাশের নিচে। বৈষয়িক লাভ-ক্ষতির হিসাব করতে গেলে পুরোটাই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান স্কুলের শিক্ষকেরা। জিয়াউল হক নামের স্থানীয় এক তরুণ বলছিলেন, কয়েক দিন আগে স্যাররা নিজেদের উদ্যোগে স্কুলের ২১৮ জনকে শিক্ষা-উপকরণের ব্যবস্থা করে দেন। ড. আবদুর রহমান তাঁর নিজের সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অবহেলিত শিশুদের শিক্ষার স্বপ্ন দেখেছেন। কয়েক দিন আগেই তাদের জন্য আয়োজন করা হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই বেজে উঠল স্কুলের ছুটির ঘণ্টা। এতক্ষণ পতপত করে উড়তে থাকা বাঁশের খুঁটিতে টাঙানো পতাকাটি নামানো হলো। দল বেঁধে সবাই দৌড়াতে লাগল যে যার বাড়ির দিকে।