মেয়ে-পাখিটি প্রেমিকা হিসেবে তুখোড়। প্রেমিককে পাওয়ার জন্য সে মরণপণ লড়াই করে অন্য মেয়ে-পাখিদের সঙ্গে। পরে হয়তো দেখা গেল, লড়াইয়ে জিতল যে প্রেমিকা, তাকে পাত্তাই দিচ্ছে না কাঙ্ক্ষিত প্রেমিক। সে ক্ষেত্রে প্রেমিকা দুই ডানা ও পুঁচকে লেজের পালক মেলে ঘুরে ঘুরে নাচে, ঘাড়-মাথা দোলায় এবং পা ফেলে ঠিক নৃত্যের মুদ্রায় তাল-লয়-ছন্দ মেনে। প্রেমিককে ঘিরে সে এক আশ্চর্য সুন্দর নাচ। গলায় বাজে গান, চোখে প্রেমের আকুলতা। পুরুষটির তখন কি আর পছন্দ না করে উপায় আছে!অতএব জুটি বাঁধল তারা। বাসা গড়ল। মেয়ে-পাখিটি ডিম পাড়ল চারটি। ও মা! ছলাকলায় পারদর্শী প্রেমিকা পুরুষটিকে ডিমে বসিয়ে দিয়ে হাওয়া! আবারও ছলাকলায় পারদর্শী মেয়ে-পাখিটি পটিয়ে ফেলে অন্য একটি পুরুষ-পাখিকে। তারপর আবারও একই কায়দায় হাওয়া! এভাবে একটি মেয়ে-পাখি এক প্রজনন মৌসুমে চারবার পর্যন্ত চার পুরুষ-পাখির ঘর করে। মেয়ে-পাখির শরীরে রং মেখে দিয়ে পরীক্ষা করেছি আমি কমপক্ষে সাতবার। ডিম ফোটানো থেকে ছানার লালন-পালনের ভার পুরুষদের।পোষা জাপানি কোয়েলের মতো ধরন, গড়ন, আচরণ; তবে আকারে যথেষ্ট ছোট এই পাখিকে বনকোয়েল বলা যায়। কেতাবি নাম ‘বটের’। ফকিরহাটে এটি বহুল পরিচিত পাখি। এখানে এর নাম ‘নাগরবাটোই’।শৈশবে নানার সঙ্গে গিয়েছিলাম মসুর ডাল তুলতে বিশাল একটা খেতে। ওই খেতেই নানা ধরেছিলেন চারটি গোলগাল তুলতুলে ছানা, দিয়েছিলেন আমার হাতে। নাম বলেছিলেন নাগরবাটোই।পাখিটি অতিশয় ধুরন্ধর। যেমন দ্রুত হাঁটতে পারে, তেমনি লাফ দিতে ও আত্মগোপনে অতিশয় পারদর্শী। এরা মূলত খোলা মাঠের পাখি। ঝোপঝাড়, খড়বন, কাশবন, ঘাসবন, ধানের নাড়াভরা খেত, কলাই-মসুরের খেত, পাটচারার খেত, পানের বরজ—এসব হলো এদের প্রিয় চারণক্ষেত্র ও আশ্রয়স্থল। বাসা করে মাটির ওপর। ছানা বাড়িতে এনে পোষা যায়। আমার এলাকায় কোনো কোনো শিকারিকে ঘুঘু ধরার ফাঁদে পোষা মেয়ে-নাগরবাটোই দিয়ে মেয়ে-পাখি শিকার করতে দেখেছি। মেয়ে-পাখির আছে ডিম পাড়ার গান। পোষা মুরগি যেমন ডিম পাড়ার আগে ডাকে, ওরাও তা-ই করে। তবে শব্দ মিষ্টি, সুরেলা ও কম জোরালো। এরা পারতপক্ষে ওড়ে না, হেঁটেই বেড়ায়। ওদের আচার-আচরণ না জানলে ছবি তোলা দূরের কথা, দেখাই কষ্টকর। এদের খাদ্য নানা রকম শস্যদানা, মাটি, ঘাসফড়িং, কেঁচো ইত্যাদি।বছর কয়েক আগে আমি এক জোড়া পাখি ঢাকায় এনে বাসায় রেখেছিলাম ১১ মাস। তখন এদের দেখতে ও ছবি তুলতে আমার বাসায় এসেছিলেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী কাজী জাকের হোসেন, রেজা খান ও মনিরুল খান। পরে আমার গ্রামে নিয়ে ওদের ছেড়ে দিয়েছি।আমার গ্রাম ফকিরহাটে নাগরবাটোই ছিল, আছে; আশা করি থাকবেও। এ বছর বাসা পাওয়া গেছে ২৭টি। স্থানীয় ওয়াইল্ড লাইফ ক্লাবের সদস্য শিপলু খান, খুরশিদ খন্দকার, মনিরুজ্জামান লাভলু, ফিরোজ, অলি প্রমুখ গ্রামের হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাহিদ সুজার তত্ত্বাবধানে নাগরবাটোই নিয়ে কাজ করছেন। এদের দেখভালও করছেন। সে কারণেই নাগরবাটোই টিকে থাকবে বলে আশা। নাগরবাটোইয়ের ইংরেজি নাম Barred Button Quail। মাপ ১৪ থেকে ১৮ সেমি। এর চেয়ে ছোট অন্য একটি নাগরবাটোইও মাঝেমধ্যে নজরে পড়ে আমাদের গ্রামে।