খোলাবাজারে চাল বিক্রি, ক্রেতাদের ভিড় কম
চালের দাম নিয়ন্ত্রণে সরকার এক মাসের জন্য ২৪ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) ও দুস্থদের জন্য স্বল্পমূল্যে (ফেয়ার প্রাইস কার্ড) চাল বিক্রির কার্যক্রম হাতে নিলেও তাতে খুব একটা সাড়া মেলেনি। এখনো ক্রেতারা ওই চাল কিনতে ভিড় করছেন না। ওএমএস চালে মোটামুটি সাড়া পড়লেও চাল কিনতে কার্ডধারীরা খুব একটা আসছেন না। ক্রেতাদের আগ্রহ না থাকলে এই কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।ওএমএসের চাল বিক্রি শুরু হয় ১২ আগস্ট থেকে। ডিলাররা এ পর্যন্ত ১২ হাজার টন চাল উত্তোলন করে পুরোটা বিক্রি করার দাবি করেছেন। অন্যদিকে ১৯ আগস্ট থেকে দুস্থদের জন্য কম দামে চাল বিক্রির কার্যক্রম শুরু হলেও তা চলছে ধীরগতিতে। গত ১০ দিনে ডিলাররা প্রায় ১০ হাজার টন চাল উত্তোলন করলেও শুক্রবার পর্যন্ত চার হাজার ৬৭৫ টন বিক্রি হয়েছে বলে জানা গেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, কেন চাল বিক্রি কম হচ্ছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে চাল বিক্রির ব্যাপারে আরও প্রচার-প্রচারণা চালানো হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে সারা দেশে বিনা মূল্যে চাল বিতরণের কার্যক্রম ভিজিএফ শুরু হবে। এতে চালের দাম স্থিতিশীল হবে বলে তিনি আশা করেন।ওএমএস চাল বিক্রি নিয়েও ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছে। অভিযোগের প্রমাণ পাওয়ায় এ পর্যন্ত সাতজনের ডিলারস্বত্ব বাতিল করা হয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস চাল উত্তোলন করে তা বেশি দামে সাধারণ বাজারে বিক্রি করার অভিযোগে লালকুঠি, মগবাজার, মালিবাগ, খিলগাঁও এলাকার মোট সাতজনের ডিলারস্বত্ব বাতিল করা হয়েছে।গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের সামনে খাদ্য বিভাগের ডিলারের ট্রাকের সামনে চাল কেনার কোনো ক্রেতা নেই। চাল সরবরাহকারীও ঘুমাচ্ছিলেন। কিছুক্ষণ বসে থাকার পর দেখা গেল একজন-দুজন করে ক্রেতা আসছেন। তাঁরা চাল নিয়ে চলে যাওয়ার পর অনেকক্ষণ আবার ক্রেতার দেখা নেই।সকালে ও ইফতারের পর কিছু ভিড় থাকলেও সারা দিন এভাবেই চলে বলে জানালেন ওই স্থানে দায়িত্ব পালনকারী সহকারী খাদ্য পরিদর্শক লিটন কুমার রায়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২১ বস্তা চাল বিক্রি করেছেন উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে বিক্রি বাড়ছে। চাল কিনতে আসা গ্রিন রোডের একটি বাড়ির নিরাপত্তারক্ষী আকবর হোসেন জানান, এখানে ট্রাকে করে চাল বিক্রি হয়, তা তিনি জানতেন না। বাজার থেকে ৩০ টাকা কেজি দরে চাল কিনে খান—এ কথা জানিয়ে তিনি বলেন, একজনের কাছে শুনে দেখতে এসেছেন আসলেই এখানে ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি হয় কি না। হাতিরপুল, পান্থপথ, তেজগাঁওসহ আরও কয়েকটি স্থান ঘুরে দেখা গেল ওএমএসের ট্রাকে বসে বিক্রেতাদের অলস সময় কাটাতে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর ৯৯টি স্থানে ট্রাকে চাল বিক্রি কার্যক্রমের জন্য ডিলাররা ১২ হাজার টন চাল উত্তোলন করেছেন। সারা দেশে নেমেছে ৪৮৫টি ট্রাক। উত্তোলন করা চালের পুরোটাই ডিলাররা বিক্রি করে ফেলেছেন দাবি করে খাদ্য বিভাগের বিতরণ বিভাগের পরিচালক বদরুল আহসান জানান, রমজান মাসে এমনিতেই চাল বিক্রি কম থাকে। আবার মাসের মাঝামাঝি হওয়ায় ক্রেতাসমাগম ধীরে ধীরে বাড়ছে। আগামী মাসের শুরুতে বিক্রি বাড়বে বলে তিনি মনে করেন। রাজধানীতে তিন লাখ ৯৫ হাজার কার্ডধারীর জন্য ৩০৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। দেশের প্রায় আট লাখ ৯৬ হাজার পরিবারকে স্বল্পমূল্যে খাদ্যসহায়তা দিতে এই কার্ড দেওয়া হয়েছে। এদের জন্য ডিলার নিয়োগ দেওয়া হয় প্রায় আড়াই হাজার।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক মাসে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। সাধারণ বাজারে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। গত এক বছরের ব্যবধানে মোটা চালের দাম ৪৭ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।