খোলামেলা পোশাক না পরাই ভালো!
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ পর্যটকদের জন্য বিধিনিষেধ-সংবলিত একটি পুস্তিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে পথেঘাটে নারী-পুরুষে চুমু খাওয়া মন্দ এবং খুব বেশি খোলামেলা পোশাক না পরাই ভালো। গত বুধবার দেশটির দ্য ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিধিমালাটি বিমানবন্দর ও হোটেলে পাওয়া যাবে। তবে ওই বিধিমালায় মদপান, মাদকদ্রব্য ব্যবহার, পথে অতিরিক্ত অর্থ বহন ইত্যাদি বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।দেশটির পুলিশের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমাইর আল-মিহিরি বলেছেন, ‘পর্যটকদের মধ্যে সাধারণ আচরণ বিষয়ে সচেতনতা বাড়াতে পুস্তিকাটি তৈরি করা হয়েছে। এতে এমন সব বিষয়কে অনুত্সাহিত করা হয়েছে, যেগুলো সভ্য নয় এবং যেগুলোর কারণে পর্যটকেরা বিচারের সম্মুখীন হতে পারেন।’তবে বিশ্লেষকেরা বলছেন, এই পুস্তিকা প্রকাশের উদ্দেশ্য কেবল সতর্ক করা নয়; বরং এক গোপন সাংস্কৃতিক সংগ্রাম। সম্প্রতি দেশটিতে নারীদের পোশাক নিয়ে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিতর্ক তুঙ্গে উঠেছে। জাতীয় সংস্কৃতি রক্ষার ডাক দিয়ে নারীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি প্রণয়নের দাবি তুলেছে রক্ষণশীল আন্দোলনকর্মীরা। গত কয়েক মাসে গাল্ফনিউজ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের সুবাদে গতকাল শুক্রবার ফক্স নিউজের একটি খবরে জানানো হয়েছে, দেশটিতে পোশাক রীতির পক্ষে জনমত ধীরে ধীরে প্রবল হয়ে উঠছে।বিশ্লেষকেরা বলছেন, মূল লড়াই হচ্ছে দেশটির নিজস্ব সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে। আবুধাবির আসমা আল-মুহাইরি (২৩) বলেন, তিনি তাঁর ভাগনিদের পাশ্চাত্য পোশাকের প্রতি ঝোঁক দেখে উদ্বিগ্ন। বেশ কিছুদিন আগে তাঁর এই উদ্বিগ্নতা খুব বেশি বেড়ে যায়, যখন তিনি এক বিপণিকেন্দ্রে দুজন বিদেশি মেয়েকে সংক্ষিপ্ত পোশাকে ঘুরতে দেখেন। তিনি বলেন, ‘ওগুলোকে ঠিক ছোট পোশাক বলা যায় না। বলা চলে অন্তর্বাস।’আসমা নিজে বোরকার মতো একধরনের পোশাক পরে চলাফেরা করেন। তিনি আরও বলেন, ‘আমি তাদের দেখে ভাবতে থাকলাম, এসব কী হচ্ছে। এখানে মানুষ পরিবারসহ আসে, বাচ্চারাও আসে।’ এরপর আসমা সেই বিপণিকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে যান ও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, তাদের কিছু করার নেই। কারণ, দেশটিতে পোশাকবিধি বা এ ধরনের কোনো আইন নেই।এরপর গত মে মাসে আসমা ও আরেক আমিরাতি নারী হানান আল-রায়েস মিলে টুইটারে প্রচারণা শুরু করেন। খুব দ্রুত তাঁরা বিপুল সাড়া পান। সংক্ষিপ্ত পোশাক আর আঁটোসাঁটো পোশাকবিরোধী প্রচারণা শুরু হয়। ইউএইড্রেসকোড নামের টুইটার ইউজার থেকে তাঁরা এ বিষয়ে অন্যদের পরামর্শ চান। প্রচারণার সঙ্গে সঙ্গে জাতীয় সংস্কৃতির বিষয়টিও সামনে আসতে থাকে। আরব আমিরাতের মাত্র ১৬ শতাংশ স্থায়ী ও আমিরাতি। বাকিদের অধিকাংশ আরব ও এশীয়। গত কয়েক বছরে অনেক পশ্চিমা এখানে এসে ডেরা বেঁধেছে। ফলে দেশটিতে আমিরাতিরা ক্রমে সংখ্যালঘুতে পরিণত হয়েছে।গত এক দশকে ব্যাপক নির্মাণকাজের সুবাদে ও অন্যান্য সুবিধার জন্য দেশটি আরব উপসাগরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে মোট জনসংখ্যাও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সঙ্গে বেড়েছে পর্যটকের সংখ্যাও।ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের উপসাগর-বিশেষজ্ঞ ক্রিস্টোফার ডেভিডসন বলেন, ‘বিশ্বের বৃহত্ শক্তিগুলো হুড়োহুড়ি এবং বিভিন্ন বিষয়ে অনাহূতের মতো হস্তক্ষেপের কারণে আরব আমিরাতের নাগরিকদের মধ্যে ক্রমে এই শঙ্কা বাড়ছে যে তাদের মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটিতে অনেকেই মনে করছে, আগে থেকে অনেক পদক্ষেপ না নেওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে মদ খাওয়া নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে, এখন শুরু হয়েছে কাপড়চোপড় নিয়ে।’ পোশাকবিধি প্রচারণার কর্মী জালাল বিন সানইয়া বলেন, ঐতিহ্য-সচেতনতা প্রকাশের এক দারুণ সুযোগ এই প্রচারকাজে যোগ দেওয়া।দেশটিতে বিদেশির সংখ্যা যত বাড়ছে, এ ধরনের সমস্যাগুলোও তত বাড়ছে। আমিরাতের ঐতিহ্যের ওপরে আঘাত আসছে। এ নিয়ে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনি প্রতিক্রিয়াশীল আচরণও শক্তিশালী হচ্ছে। সমুদ্রসৈকতে দুজন মদ্যপ যৌনকর্মে লিপ্ত হওয়ার জের ধরে এর আগে দেশটির পানশালায় মদপান নিষিদ্ধ হয়েছে। ভিন দেশি সংস্কৃতিবিরোধী প্রচার আগে থেকে চলছিল। কিন্তু ইন্টারনেটের সুবাদে দেশটিতে এবার আসমাদের ইউএইড্রেসকোড বেশ সাড়া পাচ্ছে। এর আছে প্রায় তিন হাজার ৩০০ ভক্ত। এই ব্লগটিতে পোশাক বিষয়ে নানা আলোচনা হয়। একটি পোশাকবিধি তৈরি জন্যও জনমত গঠন করছে ব্লগটি। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এ প্রচারণা বিদেশি-বিরোধী মতামতকে উসকে দিতে পারে এবং স্থায়ী ও বিদেশিদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। প্রচার কর্মীরা বলছেন, তাঁরা ইসলামি মৌলবাদীদের মতো কোনো বিশেষ ব্যবস্থা চাইছেন না। উদারপন্থী আসমা বলেন, তিনি পছন্দ করেন স্টারবাক কফি আর পাশ্চাত্যের চলচ্চিত্র। তবে তিনি চান, বিদেশিরা যেন স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন।আসমা বলেন, ‘আমরা তাদের আমাদের মতো একই পোশাক পরতে বলছি না। যা খুশি পরার অধিকার তাদের আছে। আমরা কোনো বিচারও চাইছি না। যা ইচ্ছা পরুন, কিন্তু একটু সামলে। অন্যদের প্রতি একটু সম্মান দেখান।’ এই প্রচারে টনক নড়েছে দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি)। দেশটির সংস্কৃতিমন্ত্রী আবদুল রহমান আল-ওয়ায়িস দেশীয় ঐতিহ্য অনুযায়ী পোশাকবিধি নির্ধারণের দাবি জানানোর পরে এফএনসিও তার প্রতি সমর্থন জানায়। এফএনসি আইন প্রণয়নের অধিকারী নয়, তাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশটির সরকার। এফএনসির সদস্য হামাদ আল-রাহোমি আমিরাতের পোশাকবিধিকে ফ্রান্স বা ব্রিটেনের পোশাকবিধির মতোই একটি বিষয় মনে করেন। ফ্রান্সের পোশাকবিধিতে বোরকা পরা নিষিদ্ধ হয়েছে আর ব্রিটেন উত্তেজক পোশাক পরাকে বেআইনি বলে ঘোষণা করেছে।ইতিমধ্যে আবুধাবির পুলিশ পর্যটকদের জন্য বিধিনিষেধ-সংবলিত একটি পুস্তিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে পথেঘাটে নারী-পুরুষে চুমু খাওয়া মন্দ এবং খুব বেশি খোলামেলা পোশাক না পরাই ভালো।পর্যটকেরা বলছেন, ছোট পোশাক, টি-শার্ট বা হাফপ্যান্ট কেবল ফ্যাশন নয় বরং প্রচণ্ড গরমে দেহ শীতল রাখে। দুবাই ও আবুধাবিতে পর্যটকদের মধ্যে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কেউই পোশাকবিধি সম্পর্কে কিছু জানেন না। তবে সবাই বলেছেন, পোশাকবিধি করলে তা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কেনিয়া থেকে আসা ২১ বছর বয়সী সারাহ বলেন, ‘আমার বোধহয় বিষয়টি খুব হাস্যকর হবে। দুবাইয়ের বেশির ভাগ লোকই তো বাইরে থেকে আসা। যেখানে ঘুরতে গিয়ে স্বস্তি পাব, আমি সেখানেই যাব। ছুটিতে আমি এই ছোট পোশাকেই ভালো থাকি। তাই আমি এটাই পরব।’