খোশ মেজাজে চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ শারীরিক দুর্বলতা কাটিয়ে বেশ খোশ মেজাজে আছেন। তিনি আবার হাসছেন, রসিকতা করছেন। তাঁর ইতিবাচক শারীরিক অবস্থার সর্বশেষ এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস জওয়া। গত সোমবার কিউবায় চিকিত্সাধীন চাভেজের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এ বার্তা লিখেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।টুইটার বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জওয়া লেখেন, ‘সংগ্রামী বন্ধুরা, আমি আমাদের কমান্ডার প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে দেখা করে এলাম। আমরা হাসলাম, মজা করলাম।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন লাতিন আমেরিকা সম্মেলনে ভেনেজুয়েলার ভূমিকার বিষয়ে প্রেসিডেন্ট চাভেজ তাঁকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আর বেশি কিছু জানাতে চাননি। এর আগে গত রোববার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট হুগো চাভেজ শারীরিকভাবে শক্তি সঞ্চয় করছেন। আরও শক্তিশালী হয়ে উঠছেন তিনি। তাঁর ক্যানসার চিকিত্সায় অন্য এক ধাপ শুরু করা হচ্ছে। কিউবার রাজধানী হাভানায় গত ১১ ডিসেম্বর চাভেজের (৫৮) দেহে চতুর্থ দফা অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি। বিরোধীরা দাবি করছে, চাভেজ মারা গেছেন বা তিনি কথা বলতে আর সক্ষম নন। চাভেজের শারীরিক অবস্থার ব্যাপারে ভেনেজুয়েলার সরকার খুব বেশি তথ্য সরবরাহ করছে না।