খোসাকে পাঞ্জাবের গভর্নর নিয়োগ দিলেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর ঘনিষ্ঠ সহচর সরদার লতিফ খোসাকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন।আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাঞ্জাবের গভর্নর পিপিপির নেতা সালমান তাসির নিজস্ব দেহরক্ষীর হাতে খুন হওয়ায় ওই পদে লতিফ খোসাকে নিয়োগ দেওয়া হয়েছে।প্রেসিডেন্টের এক মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সুপারিশক্রমে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লতিফ খোসাকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, খোসাকে নিয়োগের ব্যাপারে জারদারির সম্মতি থাকলেও পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ এই নিয়োগের ব্যাপারে আপত্তি জানানোর কারণে গিলানি জারদারিকে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছিলেন।জারদারির ঘনিষ্ঠ সহচর ও পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টির কেন্দ্রীয় নেতা লতিফ খোসা বর্তমানে পাঞ্জাবের ২৭তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন।এর আগে খোসা পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। গত বছরের ২০ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। পিটিআই।