রাজধানীর নিকুঞ্জ থেকে গত মঙ্গলবার রাতে খোয়া যাওয়া পুলিশের অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৩২ জনকে আটক করেছে।নিকুঞ্জ-২ এলাকায় গত মঙ্গলবার রাতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের কাছ থেকে দুর্বৃত্তরা একটি পিস্তল ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের চার সদস্যসহ ছয়জন আহত হন। তবে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের এই ঘটনায় গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই ছাত্রীর বাসায় যান।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, হামলাকারীরা স্থানীয় একাব্বর আলীর অনুসারী। তাঁর ছেলে রাজন ওই রাতে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় জড়িত ছিল।ঘটনার সূত্রপাত: উত্ত্যক্তের শিকার ওই ছাত্রী প্রথম আলোকে জানান, তাঁর দশম শ্রেণীতে পড়ুয়া ছোট বোনকে বেশ কয়েক দিন ধরে তনু নামে স্থানীয় এক তরুণসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করছিল। এক মাস আগে তাঁরা খিলক্ষেত থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে তনুু ও তার বন্ধুরা তাঁকেও (ছাত্রী) উত্ত্যক্ত করা শুরু করে। তিনি বলেন, তিনি মঙ্গলবার সন্ধ্যায় নাচের ক্লাসে যাওয়ার সময় তনু, রাজন এবং আরও কয়েকজন তাঁর উদ্দেশে কটূক্তি করে। রাত পৌনে নয়টার দিকে ফেরার সময় বাসার কাছাকাছি এলে ওই বখাটেরা আবারও তাঁকে উত্ত্যক্ত করলে তিনি প্রতিবাদ করেন। তিনি সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টি পুলিশ ও তাঁর মাকে জানান। খবর পেয়ে মা ও মামা নাসির বাসা থেকে নেমে আসেন। এ সময় নাসির বখাটে রাজনকে চড় মারেন। এরপর রাজন ও তার সহযোগীরা নাসিরকে বেদম মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।নাসির প্রথম আলোকে বলেন, পরে তাঁরা স্থানীয় লোকজন নিয়ে ওই উত্ত্যক্তকারীদের খুঁজতে বের হন। তাঁরা ১৯ নম্বর সড়কে একটি নির্মণাধীন ভবনের কাছে গেলে ভবনের তিনতলা থেকে বখাটেরা পাশের ভবনে লাফিয়ে পড়ে পালাতে থাকে। এ সময় এলাকাবাসী কয়েকজনকে ধরে পুলিশের হাতে দেয়। এর কিছুক্ষণ পর বস্তি থেকে একদল লোক নিয়ে বখাটেরা পুলিশের ওপর হামলা করে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বখাটেরা খিলক্ষেত থানার উপপরিদর্শক হাবিবুলের পিস্তলটিও ছিনিয়ে নেয়। হামলায় থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন-ই আলম, উপপরিদর্শক হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন, কনস্টেবল (গাড়িচালক) এমদাদসহ ছয়জন আহত হন।স্থানীয় লোকজন জানান, পুলিশের ওপর হামলাকারীরা স্থানীয় একাব্বর আলীর অনুসারী। তাঁর বস্তিতেই বসবাস করে এসব দুর্বৃত্ত।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার হাফিজ আক্তার জানান, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ পর্যন্ত ৩২ জনকে সন্দেহমূলক আটক করা হয়েছে। তিনি বলেন, বখাটেরা যে এত ভয়ঙ্কর হয়ে উঠবে, তা পুলিশ প্রথমে বুঝতে পারেনি।কে এই একাব্বর: খোঁজ নিয়ে জানা গেছে, একাব্বর (৫০) বিমানবন্দর এলাকায় ভাড়ায় গাড়ি চালাতেন। পরে ওই এলাকায় জমি বেচাকেনার দালালি করেন। এ ছাড়া বিভিন্ন সরকারি জমি দখল করে বস্তি বসিয়ে ঘরভাড়া আদায় করেন। নিকুঞ্জ এলাকায় সিভিল এভিয়েশনের জায়গা দখল করে তিনি একটি বস্তি বসিয়েছেন।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আরও জানান, একাব্বরের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তাঁদের কাছেও এসেছে।এলাকাবাসী জানান, যখন যে সরকার আসে, একাব্বর তখন সেই দলের নেতা হয়ে যান। এখন তিনি নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেন। তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন রাজনৈতিক মিছিল-সমাবেশে বস্তি থেকে লোক সরবরাহ করেন। এই প্রভাব কাজে লাগিয়ে সরকারি জমিতে বস্তি বসান বলে অভিযোগ রয়েছে।গতকাল নিকুঞ্জে ঘটনার শিকার মেয়েটির বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি তাঁদের অভয় দিয়ে বলেন, অপরাধীদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জমি দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। তারা দুর্ধর্ষ হয়ে উঠেছে। পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুটের সাহস দেখিয়েছে।