মন্ত্রিসভার নতুন সদস্যরা নতুন উদ্যমে কাজ করে সরকারকে আরও সামনের দিকে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। খবর বাসসের। শিল্পমন্ত্রী বলেন, ‘কোরামিন দিলে রোগী যেমন সুস্থ হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে, ঠিক তেমনি মন্ত্রিসভার সদস্যরাও নতুন উদ্যমে কাজ করে সরকারকে আরও সামনের দিকে নিয়ে যাবেন।’মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের নিয়োগ দেওয়ার পর প্রধান বিরোধী দল বিএনপি সমালোচনা করে বলেছিল, কোরামিন দিয়েও সরকারের শেষরক্ষা হবে না। এর জবাবে আজ শুক্রবার শিল্পমন্ত্রী রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এক আলোচনা সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা ‘দেশের স্বার্থে ও গণতন্ত্র রক্ষায় জাতির জনকের কন্যা শেখ হাসিনা: বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।বিএনপিকে উদ্দেশ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘যাঁরা গণতন্ত্রকে দুর্বৃত্তায়ন করেছেন, তাঁদের ক্ষমতায় আসার চিন্তা পাপ ছাড়া কিছু নয়। জামায়াতের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখবেন, কিন্তু ক্ষমতায় যেতে পারবেন না।’একই সঙ্গে ‘বিএনপির ধারাবাহিক আন্দোলন করার ক্ষমতা নেই’ উল্লেখ করে সাম্যবাদী দলের এই নেতা বলেন, তাদের আন্দোলনের সঙ্গে দেশের জনগণ নেই। তাদের আন্দোলন গণমাধ্যমনির্ভর।