খ্যাতনামা ধারাভাষ্যকার খোদা বক্স মৃধার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কয়েক দিন ধরেই তিনি টাইফয়েড ও নিউমোনিয়ায় ভুগছিলেন। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোদা বক্স মৃধার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজা আজ বাদ মাগরিব রাজশাহী মহানগরের হেতেম খাঁ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হবে।বেতার-টেলিভিশনে বিভিন্ন খেলার ধারাভাষ্য দিয়ে খোদা বক্স মৃধা অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা। আশির দশকের শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের প্রায় প্রতিটি ক্রীড়া সম্প্রচারের অংশ হয়ে ছিলেন তিনি। বাংলাদেশের অনেক ঐতিহাসিক ক্রীড়া সাফল্যের মুহূর্ত নিজের কণ্ঠে মাঠ থেকে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিছু দিন আগেও একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তিনি।