খ্যাতি আয়ু ঝরায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতি সাধারণ মানুষের সামনে একজন ব্যক্তির ভাবমূর্তি ও পেশাগত জীবন ঝকমকে করে তোলে। কিন্তু এর মূল্যটা কম নয়। বিনিময়ে আয়ু ঝরে অকালে মরতে হতে পারে। পত্রিকার পাতায় প্রকাশিত মৃত্যু-বিষয়ক খবরের ওপর চালানো এক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এ দাবি করেছেন অস্ট্রেলীয় গবেষকেরা। খবর বিবিসি অনলাইনের। অস্ট্রেলিয়ার কুইন্স ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সমীক্ষা পরিচালনা করেন। ‘কিউজেএম: অ্যান ইন্টারন্যাশনাল জার্নাল অব মেডিসিন’ নামের সাময়িকীতে এ সমীক্ষাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।গবেষকদের মতে, খ্যাতি যত শিখরের দিকে ধাবিত হবে, এর সঙ্গে পাল্লা দিয়ে আয়ুও তত ঝরতে থাকবে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত এই দুই বছরে ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রায় এক হাজার মৃত্যু-সংবাদ নিয়ে সমীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।গবেষকদের ভাষ্য, গান-বাজনা আর অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া ব্যক্তি ও খেলোয়াড়েরা অন্যান্য সফল পেশাজীবীর চেয়ে স্বল্পায়ু হন। তাঁদের মধ্যে ক্যানসার, বিশেষ করে ফুসফুসে টিউমার বেশি দেখা যায়।তাঁরা দাবি করেন, স্বল্পায়ু নিয়ে করা এই গবেষণার ফল দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না, বরং খ্যাতির সঙ্গে স্বল্পায়ুর সম্পর্ক নিয়ে কৌতূহল জাগার মতো একটি প্রশ্ন ওঠে।গবেষণায় দেখা গেছে, খ্যাতিমান অভিনেতা, সংগীতশিল্পী, খেলোয়াড়েরা স্বল্পায়ু হলেও দীর্ঘজীবী হন খ্যাতিমান ব্যবসায়ী আর রাজনীতিবিদেরা।