খ্যাতি ও ক্ষমতার মোহ নেই: বুশ (ভিডিও)
যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করার বিষয়টি যথেষ্ট উপভোগ করলেও এখন খ্যাতি আর ক্ষমতার প্রতি কোনো মোহ নেই বলেই সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জানিয়েছেন জর্জ ডব্লিউ বুশ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বুশ বলেছেন, ‘আমি বিখ্যাত ও ক্ষমতাশালী ব্যক্তি ছিলাম, কিন্তু এখন আমার মধ্যে আর খ্যাতি ও ক্ষমতার কোনো মোহই নেই।’ এক খবরে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।জর্জ বুশের সাক্ষাত্কারটি ১৭ জুলাই ইউটিউবে প্রকাশ করেছে হুভার ইনস্টিটিউশন। প্রায় এক ঘণ্টার এই সাক্ষাত্কারে বুশ আরও জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারছি। এই জীবনটা অসাধারণ।’যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিষয়ে নেতিবাচক কিছু দেখছেন না বলেই জানিয়েছেন বুশ। তাঁর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে সফল মনে করছেন তিনি। জর্জ বুশ নিজের সম্পর্কে বলেছেন, ‘বাবা আমাকে তিনটি জিনিস উপহার হিসেবে দিয়েছেন। এর একটি হচ্ছে সুন্দর একটি নাম, অফুরন্ত ভালবাসা ও পশ্চিম টেক্সাসে বেড়ে ওঠার সুযোগ।’ ২০১৩ সাল নাগাদ টেক্সাসে ‘জর্জ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টার’ নামে একটি ভবন চালু করছেন তিনি।