খ্যাপা নারীর কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিখ্যাত এক শিল্পকর্মের ক্ষতি করেছেন খ্যাপা এক নারী। শিল্পকর্মটি আধুনিক বিমূর্ত ধারার চিত্রশিল্পী ক্লিফোর্ড স্টিলের। সেটির মূল্য তিন কোটি (৩০ মিলিয়ন ডলার) টাকার বেশি। খ্যাপাটে ওই নারীর নাম কারমেন টিসচ (৩৬)। তিনি ডেনবার নগরের জাদুঘরে প্রদর্শনীতে রাখা চিত্রকর্মে প্রথমে আঁচড় দেন। একপর্যায়ে সেটিতে তিনি মলত্যাগ করেন। এতে তৈলচিত্রটির কতটা ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ক্লিফোর্ড স্টিল মিউজিয়াম থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, চিত্রকর্মটি প্রদর্শনীযোগ্য করতে কমপক্ষে ১০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। কারমেন টিসচ কেন এমন কাণ্ড করলেন, তা নিয়ে বিস্তর তদন্ত শুরু হয়েছে। ডেনবার পুলিশ প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অপরাধজনিত কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে গত বুধবার জানানো হয়েছে, তদন্ত চলাকালে কারমেনকে ২০ হাজার মার্কিন ডলারে জামিন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর তাঁর বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আনা হবে বলে মুখপাত্র লিন কিমবরো সংবাদমাধ্যমকে জানিয়েছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আধুনিক বিমূর্ত ধারার চিত্রশিল্পী হলেন ক্লিফোর্ড স্টিল। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে ১৯০৪ সালে তিনি জন্ম নেন। ১৯৮০ সালে এ শিল্পী ডেনবার নগরে মৃত্যুবরণ করেন। ক্লিফোর্ডের মৃত্যুর পর তাঁর চিত্রকর্ম সংরক্ষণে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। গত বছর তাঁর চিত্রকর্মের প্রথম নিলামে ১০ কোটি ১৪ লাখ টাকার জোগান এসেছে ডেনবার মিউজিয়ামের জন্য।