খ্যাপাটে বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিভাবানেরা নাকি একটু খ্যাপাটেই হয়। এর প্রমাণ পেতে উসাইন বোল্টের যেকোনো একটা সংবাদ সম্মেলনে থাকাই যথেষ্ট।প্রতিভার নানা ধরন থাকে। তবে উসাইন বোল্ট যে প্রতিভাবান, এটা নিয়ে তো আপনার মনে নিশ্চয়ই কোনো সংশয় নেই। যদিও লাইনটা লিখেই অদ্ভুত একটা চিন্তা এল মাথায়। একবার ভেবে দেখুন তো, বোল্টের প্রতিভাটা কী! প্রতিভা হলো, লোকটা খুব জোরে দৌড়াতে পারে! না, না, এই পৃথিবীতে সাত শ কোটি মানুষের মধ্যে সবচেয়ে জোরে দৌড়াতে পারাটাকে আমি মোটেই খাটো করে দেখছি না। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও তা আক্ষরিক অর্থে দেখলে চলবে না। কেউ যদি বলে, সবচেয়ে জোরে দৌড়াতে পারলে কী এমন লাভ, আদিম যুগের মতো মানুষের তো আর এখন বিপদে পড়লে দৌড়ে বাঁচার দায় নেই—কী উত্তর দেবেন?১০০ মিটারের বিশ্ব রেকর্ড সবার মুখস্থ, সেটি ভাঙলে বড় খবর। কারণটা কী? আগের চেয়ে সেকেন্ডের শতাংশ সময় কমে ১০০ মিটার দৌড়ালে মানবজাতির কী এমন উদ্ধার হয়ে যায়! অন্ন-বস্ত্র-বাসস্থান—মৌলিক কোনো সমস্যার সমাধানও এতে নেই।ব্যাপারটা আসলে প্রতীকী। মানুষের নিজেকে ক্রমশ ছাড়িয়ে যাওয়ার প্রমাণ। কবির সেই জিজ্ঞাসা ‘কত দূর এগোল মানুষ’ প্রশ্নের একটা উত্তরও। তার পরও ১০০ মিটার দৌড় নিয়ে মানুষের এত উত্তেজনার কারণটা নিয়ে কিন্তু একটা গবেষণা হতে পারে। কী আছে ওই ১০ সেকেন্ডের কম সময়ের মধ্যে যে পুরো বিশ্ব সেই মাদকতায় আচ্ছন্ন হয়ে যায়! অলিম্পিকের ১০০ মিটারের সময় পুরো স্টেডিয়াম কেন এমন উত্তেজনায় থরথর করে কাঁপে!উসাইন বোল্ট হয়তো প্রশ্নটার উত্তর দিলেও দিতে পারতেন। কিন্তু পরশু বোল্টের সংবাদ সম্মেলনে থেকেও যে প্রশ্ন করার সুযোগই পেলাম না। অলিম্পিকে আর সবকিছু ছাপিয়ে যেমন বড় হয়ে থাকে ১০০ মিটার, তেমনি ১০০ মিটারে সোনাজয়ীর সংবাদ সম্মেলনটাও সাধারণত সবচেয়ে দীর্ঘ হয়। পরশু ব্যতিক্রমই হলো। ৩০০০ মিটার স্টিপলচেজ, হ্যামার থ্রো—এসব ইভেন্টে পদকজয়ীদের সংবাদ সম্মেলন চলছে তো চলছেই। বোল্টেরটা বরং তুলনায় সংক্ষিপ্তই হলো। বেইজিংয়ে বোল্টের দৌড়ের চেয়ে তাঁর সংবাদ সম্মেলনটাও কম উপভোগ্য ছিল না। সে তুলনায় এটা ম্যাড়মেড়েই হলো।বোল্ট অবশ্য যথাসাধ্য করলেন। করলেন বলেই প্রতিভাবান আর খ্যাপাটে মধ্যকার সম্পর্কের কথাটা মনে হলো। সংবাদ সম্মেলনে ঢুকে একটা মুহূর্ত স্থির হয়ে বসেছেন কি না সন্দেহ! সারাক্ষণই ছটফট করছেন, একটু পরপরই পাশে বসে থাকা ইয়োহান ব্ল্যাককে কিছু না-কিছু বলছেন আর হাসিতে ভেঙে পড়ছেন। দুই জ্যামাইকানের পাশেই বসে ব্রোঞ্জজয়ী জাস্টিন গ্যাটলিন। গ্যাটলিনের সঙ্গে সম্পর্কটা বোধ হয় সুবিধার নয়। একবারও তাঁর দিকে তাকালেন না। এমনকি গ্যাটলিন যখন বলছেন, ‘বোল্ট আমাদের খেলার ফেল্প্স। ওর টানে দর্শক মাঠে আসে’—তখনো না।বোল্টের আমুদে চরিত্রের সঙ্গে আগেই পরিচয় ছিল। জোরে দৌড়াতে পারার সঙ্গে এটিও ভূমিকা রেখেছে তারকাখ্যাতিতে। কিন্তু গত পরশুর বোল্টকে কেমন অপ্রকৃতিস্থই লাগল। সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক তাঁর একটা ছবি তুলে রাখতে চাইলেন। দুই হাত সামনে এসে চোখমুখ বিকৃত করে বোল্ট এমন পোজ দিলেন যে ওই সাংবাদিক রীতিমতো ভড়কেই গেলেন।সারা বিশ্ব তাকিয়ে ছিল তাঁর দিকে। বোল্ট পারবেন কি পারবেন না—গত পরশু এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটি। এ যে কী বিষম চাপ, আমাদের মতো সাধারণ মানুষেরা তা কোনো দিনই উপলব্ধি করতে পারব না। কে জানে, ওই চাপ থেকে মুক্তি পাওয়ার আনন্দেই এমন করলেন কি না বোল্ট!২০০ মিটারটা তো আছেই। সেদিন সংবাদ সম্মেলনের পর প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া যাবে আশা করি। না পাওয়া গেলে তো রইলই ওই ব্যাখ্যা—প্রতিভাবানেরা একটু খ্যাপাটেই হয়।