খ্রিষ্টান আইনে দত্তক গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহিত দম্পতির বাবা-মা হওয়ার আকাঙ্ক্ষা একটি সহজাত প্রবৃত্তি। অল্পসংখ্যক দম্পতি রয়েছেন, যাঁদের সে আকাঙ্ক্ষা রয়েছে; কিন্তু বিভিন্ন কারণে তাঁরা বাবা বা মা হওয়ার সৌভাগ্য লাভ করেন না। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এরূপ দম্পতিরা অন্যের সন্তানকে নিজের সন্তানের অধিকার দিয়ে লালন-পালন করেন—এ ঘটনা নতুন কিছু নয়। এরূপ অন্যের সন্তানকে সন্তানের অধিকার দিয়ে লালন-পালন করার আইনকে দত্তক আইন বলে। দত্তক সন্তান গ্রহণ করার মাধ্যমে সন্তানহীন পুরুষ ও নারী বাবা বা মা হওয়ার হূদয়ের আকাঙ্ক্ষা পূরণ করেন। পাক-ভারত উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের মধ্যে ‘দত্তক’ নেওয়ার রীতি ও আইন অতি পুরোনো। কিন্তু পাক-ভারত উপমহাদেশের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে দত্তক নেওয়ার কোনো রীতি বা আইন না থাকলেও মানবকল্যাণের নিমিত্তে কোনো নাবালক-নাবালিকার শরীর অথবা সম্পত্তির অভিভাবক হওয়ার বিধান আছে। পাক-ভারত উপমহাদেশে খ্রিষ্টানদের মধ্যে রোমান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট দুটি ভাগ রয়েছে। আমার আলোচনার বিষয়বস্তু হলো, রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে দত্তক আইনের বেলায় এর বিধান কী? রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের জন্য রয়েছে ‘দ্য কোড অব ক্যানন ল’, যা একটি পারিবারিক আইন—যা বাংলাদেশের সব আদালতে গ্রহণযোগ্য ও স্বীকৃত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন—উত্তরাধিকার ক্ষেত্রে বৈধ স্ত্রী এবং বৈধ সন্তানেরাই কেবল কোনো মৃতের ত্যাজ্য-বিত্ত স্থাবর-অস্থাবর সম্পত্তিতে উত্তরাধিকারিত্ব লাভ করেন। স্ত্রী ও সন্তানদের বৈধত্বের বিষয়টি ‘দ্য কোড অব ক্যানন ল’ থেকে অনুসৃত হয়, যা বাংলাদেশে স্বীকৃত ও গ্রহণযোগ্য। বিবেচ্য বিষয় হলো, দত্তক সম্পর্কে দ্য কোড অব ক্যানন ল-এর বিধান কী, বা আদৌ দত্তকের কোনো বিধান আছে কি না? এ আাাইনের ১১০ ধারা/অনুচ্ছেদে এর সুস্পষ্ট বিধান আছে। এ ধারা/অনুচ্ছেদে যা রয়েছে তা হলো, দেশের প্রচলিত আইন অনুযায়ী যেসব শিশুকে দত্তক হিসেবে নেওয়া হয়েছে, সেসব শিশুরা দত্তক গ্রহীতা ব্যক্তি বা ব্যক্তিদের সন্তান বলে পরিগণিত হবে। নিউ কমেনটরি অন দ্য কোড অব কানুন ল-এর এ অনুচ্ছেদ বা ধারার ব্যাখ্যায় যা বলা হয়েছে তা হলো, দত্তকি অবস্থা একটি আইনগত বন্ধন হতে উদ্ভূত, যেখানে একজন ব্যক্তি কোনো শিশু (বা পূর্ণ বয়স্ক ব্যক্তি) অর্থাৎ যাদের সন্তানের সব অধিকার ও কর্তব্য দিয়েই তাদের দত্তক সন্তান হিসেবে নেয়, সেসব অধিকার ও কর্তব্যে কোনো শিশু (বা পূর্ণ বয়স্ক ব্যক্তি) সন্তান হিসেবে স্বাভাবিকভাবে থাকে। এখানে বয়সের ক্ষেত্রে কোনো সীমারেখা নির্দেশ করে না। কারণ, মাতামণ্ডলী গ্রহণ করে যে দত্তকি সন্তান সে ব্যক্তি বা ব্যক্তিদের সন্তান বলে পরিগণিত হয়, যে ব্যক্তি বা ব্যক্তিরা তাদের দত্তক সন্তান হিসেবে গ্রহণ করে; এসব দত্তকি পরিবারে দত্তকি সন্তান গ্রহণের আইনগত ফলাফল প্রাকৃতিক পরিবারের মতোই। দত্তক সন্তানের এ বিধির বিষয়ে আমি ফাদার প্রশান্ত টি রিবেরু, ফাদার নরবার্ট নিরেন ম্রং—দুজন কানুন আইনজীবী ও চট্টগ্রাম ধর্মপ্রদেশের অভিজ্ঞ ফাদার ফিলিপ ডি রোজারিওর সঙ্গে আলোচনা করি। দত্তক সন্তান দ্য কোড অব ক্যানন ল অনুযায়ী দত্তকি মা-বাবার উত্তরাধিকারী বলে তাঁরা মত প্রকাশ করেন। অতএব নির্দ্বিধায় বলা যায়, রোমান ক্যাথলিকদের মধ্যে দত্তক সন্তান গ্রহণের বিধান দ্য কোড অব ক্যানন ল-এ স্বীকৃত। তাই আমরা মনগড়া কথা দিয়ে বলতে পারি না যে দত্তক সন্তান গ্রহণের ব্যবস্থা রোমান ক্যাথলিকদের মধ্যে প্রচলন নেই বা দত্তক সন্তান দত্তকি বাবা বা মায়ের উত্তরাধিকারী নয়। কোনো আইনজীবী বা সামাজিকভাবে কোনো পদস্থ ব্যক্তি তা বলতে পারেন না। কারণ, কোনো আইনজীবী আইন প্রণয়ন করতে পারেন না, তিনি মাত্র প্রণীত ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন তাঁর দক্ষতা অনুযায়ী আদালতে উপস্থাপন করেন। তাই কোনো আইনজীবী বা অন্য যেকোনো ব্যক্তি যদি কোথাও লেখেন যে দত্তক সন্তান কোনো উত্তরাধিকার পায় না, তা আইনে পরিণত হয় না। দ্য কোড অব ক্যানন ল-এর ১১০ নম্বর ধারা বা অনুচ্ছেদটি এ ক্ষেত্রে বিধিবদ্ধ আইন; কিন্তু দ্য কোড অব ক্যানন ল-এর নির্দেশ অনুযায়ী তা প্রয়োগের জন্য আমাদের দেশের প্রচলিত প্রয়োগবিধি বা পদ্ধতিগত আইন ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের দেশে দত্তক আইনের ক্ষেত্রে খ্রিষ্টানদের জন্য সরাসরি প্রয়োগবিধি/পদ্ধতিগত আইন নেই। তাই কোনো কোনো আইনজীবী দত্তকের স্থলে অভিভাবকত্ব আইন ১৮৯০ অনুযায়ী নাবালকের শরীর ও সম্পত্তির অভিভাবক হওয়ার জন্য যা এ দেশে আমাদের মুসলিমদের জন্য প্রযোজ্য, তা দিয়েই অভিভাবকত্ব মামলা করেন। এটি যেন অনেকটা ঠেকার কাজ চালানোর মতো। কিন্তু এটি সমস্যার সঠিক সমাধান নয়, একটি বিশেষ কারণে তা হলো, এ আইন অনুযায়ী নাবালকের শরীর ও সম্পত্তির অভিভাবক করার মধ্য দিয়ে এসব শিশুপুত্র ও কন্যা হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়, যা দ্য কোড অব ক্যানন ল-এর নির্দেশের পরিপন্থী। বিজ্ঞ আইনজীবীদের প্রতি আমার আহ্বান, আমরা যেন দত্তক আইনের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি এবং দ্য কোড অব ক্যানন ল-এর ১১০ নম্বর ধারা/অনুচ্ছেদটি প্রয়োগে সচেতন হয়ে এ ক্ষেত্রে জনমনে প্রচলিত ভ্রান্ত ধারণা নিরসনে ভূমিকা রাখি। লেখক  আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট