খড়ের পালায় আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে গ্রামের বিভিন্ন খড়ের পালায় আগুন লাগা নিয়ে আতঙ্কিত বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা, তিরাইল ও তালুকদারপাড়া গ্রামের কৃষকেরা। তাদের দাবি, দুর্বৃত্তরা এসব খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্যমতে সর্বশেষ ২২ এপ্রিল বিশ্বা গ্রামের কৃষক জগদিশ সরকারের দুটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই ওই তিন গ্রামে গত দুই বছরে কৃষকদের ২০টি খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতিসহ পরিবারগুলোতে আতঙ্কের সৃষ্টি হয়েছে।উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওই সব গ্রাম। যোগাযোগের ব্যবস্থা কাঁচাপাকা সড়ক। গ্রামবাসীর মতে দুই কিলোমিটার দূরে ভবানীপুর বাজার এবং প্রায় ছয় কিলোমিটার দূরে রানীরহাট বাজার এলাকা চরমপন্থী এলাকা হিসেবে পরিচিত।দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিশ্বা গ্রামের জগদীশ সরকার ও তালুকদার পাড়া গ্রামের খগেন তালুকদার জানান, আগুনের সংবাদ পেয়ে দমকল বাহিনীর লোকজন এসে পানি ঢেলে নিভিয়ে যায়। আর পুলিশ এসে দেখে যায়। কিন্তু দুর্বৃত্তদের আগুন ধরিয়ে দেওয়া থেমে নেই। থানার পুলিশ তাদের এই সমস্যা জানার পরও কোনো উপকারে আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায়, চলতি বছরের জানুয়ারিতে তিরাইল গ্রামে চারটি এবং একই বছরের মার্চ মাসে তালুকদারপাড়া গ্রামে আটটি এবং ২০০৯ সালের একই মাসে আরও পুড়েছে ছয়টি খড়ের পালা।ক্ষতিগ্রস্ত কৃষক বিশ্বা গ্রামের রন সরকার জানান, তাদের পার্শ্ববর্তী এই তিনটি গ্রাম ডাকাতকবলিত। বিগত সময়ে প্রায়ই বাড়িতে গভীর রাতে ডাকাতি হতো। গত পাঁচ-ছয় বছর হলো তা বন্ধ রয়েছে। কিন্তু নতুন করে খড়ের পালায় আগুন দেওয়া নিয়ে গ্রামের লোকজন আবার শঙ্কিত হয়ে পড়েছে। তিনি জানান, যেসব খড়ের পালায় আগুন দেওয়া হয়েছে তা গভীর রাত এক থেকে দুইটার মধ্যে। আগুনে তার প্রায় ২০ হাজার টাকার খড় পুড়িয়ে ফেলা হয়েছে।ক্ষতিগ্রস্ত অপর কৃষক তালুকদারপাড়া গ্রামের বাচ্চু তালুকদার জানান, খড়ের পালায় আগুন নিয়ে তিন গ্রামের কৃষকদের এখন দুঃচিন্তার শেষ নেই। ফসল ফলানোর চিন্তার পাশাপাশি রাতে আরাম আয়েশের সময় তাদের এখন আগুন নিয়ে আতঙ্কে থাকতে হয়। ২৯ এপ্রিল রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক জগদীশ সরকার জানান, তাঁর ৫০ বিঘা জমির খড় পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত তিরাইল গ্রামের কীত্তিবাস মণ্ডল ও অদৈত্য মণ্ডল জানান, একসঙ্গে এক রাতে একাধিক খড়ের পালায় আগুন জ্বালিয়ে দেওয়া তাঁরা বিগত সময়ে দেখেননি। এতে তাঁদের শুধু আর্থিক ক্ষতি হচ্ছে তা নয়। পাশাপাশি গ্রামের সকল শ্রেণীর লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিরাইল গ্রামের পল্লি চিকিৎসক আপন সরকার, রতন সরকার ও তালুকদারপাড়া গ্রামের গীরেন্দ্র নাথ তালুকদার, বুলু সরকার, সাইফুল ইসলাম, মকবুল হোসেনসহ আরও অনেকে জানান, গ্রামগুলো ডাকাতকবলিত এলাকা হওয়ায় অনেকেই রাতে বাড়ির বাইরে বের হওয়ার সাহস পান না। ফলে দিনে দিনে গ্রামের মানুষের আতঙ্ক বেড়েই চলেছে। তাঁরা আরও জানান, তাঁদের গ্রামের সড়কগুলোতে রাতে টহল পুলিশ আসে না। যার কারণে দুর্বৃত্তদের আনাগোনা গ্রামগুলোতে থেকেই যাচ্ছে।ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, একের পর এক খড়ের পালায় আগুনের ঘটনা নিয়ে ওই সকল গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিনি ইউনিয়নের গ্রামপুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে যারা এই অপতৎপরতার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করতে বলেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ওই গ্রামগুলোতে রাত্রীকালীন সময়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। পাশাপাশি কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।